


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গোঘাটের পর এবার আরামবাগে বিজেপি বিধায়কের নিখোঁজ পোস্টার ও হাতে টর্চ নিয়ে মিছিল করল নাগরিক সমাজ। শুক্রবার বিকেলে আরামবাগ শহরের বাসুদেবপুর মোড় এলাকা থেকে থানা পর্যন্ত ওই মিছিল হয়। মিছিল শেষে আরামবাগ থানায় গিয়ে মিসিং ডায়েরিও করা হয়। কেউ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে, কেউ আবার হাতে টর্চ নিয়ে মিছিলে হাঁটেন। বিধায়কের ছবি দেওয়া নিখোঁজ পোস্টার ছিল অনেকের হাতে। মিছিলে হাঁটতে হাঁটতে বিধায়কের খোঁজ নেওয়া হয়।
যদিও মিছিলের আগাম খবর পেয়ে এদিন সকালে আরামবাগ থানায় যান বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। থানা চত্বরে ঘোরাঘুরি করে বার্তা দেন, তিনি আরামবাগেই রয়েছেন। এই ঘটনার জেরে আরামবাগে দিনভর তৃণমূল ও বিজেপির মধ্যে চাপানউতোর চলেছে।
উল্লেখ্য, সম্প্রতি গোঘাটের বিজেপি বিধায়কের পোস্টার নিয়ে মিছিল করে মিসিং ডায়েরি করা হয়। তাতেও গোঘাটের দু’টি ব্লকের তৃণমূলের বিভিন্নস্তরের নেতারা যোগ দেন। এবার আরামবাগেও একই কায়দার প্রতিবাদ কর্মসূচি করা হয়।
আরামবাগের বিধায়ক বলেন, আমি ২৪ ঘণ্টা আরামবাগ বিধানসভা এলাকাতেই আছি। প্রতিদিন শহরের রাস্তায় হাঁটি। এবারের ভোটে রাজ্য থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। দুর্নীতিতে ডুবে আছে নেতারা। তাই দিশেহারা হয়ে ওরা এসব নাটক করছে।
তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী, আরামবাগ শহর সভাপতি রূপক মুখোপাধ্যায় বলেন, এদিন আরামবাগের নাগরিক সমাজ বিধায়ককে খুঁজতে থানা পর্যন্ত যায়। আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁদের কর্মসূচিতে সঙ্গ দিয়েছি। বিধায়ককে পাঁচ বছর এলাকায় দেখা যায়নি। কারও পাশে দাঁড়াননি। মানুষ কোনো পরিষেবাও পাননি। বিধায়ক মিছিলের আগাম খবর পেয়ে থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন। এতে তিনি নিজেই প্রমাণ করেছেন, এতদিন আরামবাগে তাঁকে কেউ দেখেননি।