মুম্বই: নাসিকে আয়োজিত কুম্ভ মেলায় লাভজনক কাজের বরাত পাইয়ে দেওয়ার টোপ! আর তার মাধ্যমেই ২ কোটি ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল এনডিএ শাসিত মহারাষ্ট্রের মন্ত্রী গিরীশ মহাজনের এক আত্মীয় সহ দু’জন। ধৃতদের নাম তনয় মহাজন (৩২) এবং নরেন্দ্র তোতারাম। অভিযুক্ত তনয় যে তাঁর দূর সম্পর্কের আত্মীয়, সেকথা স্বীকার করে নিয়েছেন বিজেপি নেতা তথা মন্ত্রী গিরীশ। একইসঙ্গে বিরক্তির সুরে বলেছেন, ‘ও গোল্লায় গিয়েছে।’ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি করেছেন তিনি। কুম্ভ মেলা সংক্রান্ত ভুয়ো কাজের বরাতে ৩০৫ কোটি টাকার দুর্নীতির পর্দাফাঁস করে পুলিশ। তারপরই তনয়দের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কুম্ভ মেলায় হাউস কিপিংয়ের বরাত পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাঁরা এক ব্যক্তির সঙ্গে ২ কোটি ১৭ লক্ষ টাকার প্রতারণা করেছেন বলে অভিযোগ।



