Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বজবজে মাঝপথে ভেস্তে গেল বিজেপির বৈঠক, মিটল না দ্বন্দ্ব

শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রার্থীর বাড়িতে পদ্ম শিবিরের বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক করা হলেও মাঝপথে তা ভেস্তে যায়। ফলে বিজেপির ক্ষমতাসীন শিবিরের অস্বস্তি আরও বেড়েছে

বজবজে মাঝপথে ভেস্তে গেল  বিজেপির বৈঠক, মিটল না দ্বন্দ্ব
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রার্থীর বাড়িতে পদ্ম শিবিরের বিক্ষুব্ধদের নিয়ে বৈঠক করা হলেও মাঝপথে তা ভেস্তে যায়। ফলে বিজেপির ক্ষমতাসীন শিবিরের অস্বস্তি আরও বেড়েছে। দলের একটি অংশের মত, এই দ্বন্দ্ব দ্রুত না মিটলে তার ফায়দা তুলবে তৃণমূল। দলীয় সূত্রে জানা গিয়েছে, বজবজে বিজেপি প্রার্থী ডাঃ তরুণ আদকের বাড়িতে দলীয় নেতা ও বিক্ষুব্ধ অংশের লোকজনকে নিয়ে বৈঠক হয়। অনেকেই স্বীকার করে নেন, প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো ভুল হয়েছে। আবার প্রার্থীর অনুগামীদের সব পদক্ষেপ যে সঠিক ছিল না, তাও ওঠে আলোচনায়। আগামী দিনে সকলে একজোট হয়ে চলার সিদ্ধান্ত যখন নিতে চলেছেন, তখন এক সদস্যকে লক্ষ্য করে তরুণবাবু বলেন, আপনার আচার-আচরণ ও চলাফেরা সমাজে ভুল বার্তা দিচ্ছে। আপনাকে সতর্ক করা হলেও সংশোধন হননি। স্বাভাবিকভাবেই আপনাকে এখন দলের প্রয়োজন নেই। আপনি চলে যেতে পারেন। এই প্রসঙ্গ উঠতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। প্রার্থী ওই সদস্যকে অপমান করায় অনেকেই প্রতিবাদ করেন। কেন তরুণ আদক এভাবে কোনো সদস্যকে অপমান করলেন, এই প্রশ্ন তুলে অনেকেই বৈঠক ছেড়ে বেরিয়ে যান। ফলে ভেস্তে যায় বৈঠক। বিজেপির বজবজ বিধানসভা কেন্দ্রের ইনচার্জ হরিকৃষ্ণ দত্ত বলেন, কী হয়েছে, খোঁজ নিয়ে দেখছি। আগামী দু’-একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে বলে আশা করছি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ