Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬

গুজরাতের সমবায় ভোটে হার বিজেপির, বিধায়ককে গালিগালাজ-ধাক্কা জনতার

যন্তরমন্তরে জেন জি আন্দোলনের পর বিহার ও মধ্যপ্রদেশে একটি করে বিধানসভা আসনের উপ নির্বাচনে হেরে গিয়েছে বিজেপি।

গুজরাতের সমবায় ভোটে হার বিজেপির, বিধায়ককে গালিগালাজ-ধাক্কা জনতার
  • ২০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুরাত: যন্তরমন্তরে জেন জি আন্দোলনের পর বিহার ও মধ্যপ্রদেশে একটি করে বিধানসভা আসনের উপ নির্বাচনে হেরে গিয়েছে বিজেপি। ওই সময় গুজরাতের একটি আসনে জিতলেও এবার মোদি-শাহর এই রাজ্যের এক সমবায় নির্বাচনে মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। দেশের অন্যতম বৃহৎ গুজরাতের বারদোলি সুগার মিল কো-অপারেটিভের ভোটে গোহারা হারলেন বিজেপি বিধায়ক ঈশ্বর পারমার। সোমবার গণনা শেষে দেখা যায়, ১৪ আসনেই জয়লাভ করেছে কংগ্রেস। এরপরই জনরোষের মুখে পড়লেন বিজেপি বিধায়ক। তাঁকে গালিগালাজ করে রীতিমতো ধাক্কা দিয়ে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। হেরেছেন সুরাত জেলা পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা বিজেপি নেতা ভবেশ প্যাটেলও। উল্লেখ্য, ২০ বছর ধরে বিজেপির নিয়ন্ত্রণে থাকা বোর্ড এবার দখল করল হাত শিবির। এই ফলাফলে উজ্জীবিত হাতশিবিরের দাবি, আগামী দিনে বিধানসভা ভোটেও বিজেপির এমনই অবস্থা হতে চলেছে। সমবায়ের ১৫টি আসনের মধ্যে একটি আসন সংরক্ষিত ছিল। ১৬ আগস্ট বাকি ১৪ আসনে ভোট হয়। লড়াইয়ে নেমেছিল বিজেপি সমর্থিত সহকার প্যানেল ও কংগ্রেস সমর্থিত কিষান পরিবর্তন প্যানেল। সোমবার ছিল গণনা। ১৪ আসনেই হাত শিবিরের জয়জয়কার। কংগ্রেস সমর্থিত প্রার্থী তরুণ বাঘেলা পেয়েছেন ১ হাজার ৪২৪ ভোট। অন্যদিকে, বিজেপি বিধায়কের ঝুলিতে মাত্র ৮৮২টি ভোট। গণনার পরই উত্তেজনা ছড়ায়। ভিড়ের মধ্যে অনেকে বিজেপি বিধায়ককে গালিগালাজ করতে শুরু করেন। তাঁকে ধাক্কা দিয়ে গণনাকেন্দ্রের বাইরে বের করে দেন। বারদোলি নাগরিক সহকারী ব্যাংকের চেয়ারম্যান জয়েশ সোলাঙ্কির দাবি,— আখের কম দাম প্রদান সহ একাধিক ইস্যুতে দীর্ঘদিন ধরে কো-অপারেটিভের ম্যানেজিং কমিটির উপর ক্ষোভ ছিল কৃষকদের। এটা তারই বহিঃপ্রকাশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ