নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ পুরসভার বোর্ডের মেয়াদ ২০২২ সালে শেষ হয়ে গিয়েছিল। তারপর থেকে প্রাক্তন চেয়ারম্যানকেই প্রশাসকের দায়িত্বে রেখে চলছিল কাজকর্ম। কিন্তু পরিবর্তনের ধাক্কায় পদত্যাগ করেছেন সন্দীপ বিশ্বাস। প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়।
স্বাভাবিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন তৃণমূলের প্রাক্তন কো-অর্ডিনেটররা। এই অবস্থায় রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের মানুষের বিভিন্ন সুবিধা-অসুবিধা দেখার জন্য হাল ধরছেন বিজেপি কর্মীরা। মূলত কোনো বাসিন্দাকে হাসপাতালে ভর্তি করানো, কারও মৃত্যু হলে শ্মশানে নিয়ে যাওয়ার সময় পাশে থাকার মতো কাজে যুক্ত হচ্ছেন ওয়ার্ডের বিজেপির কর্মীরা। এব্যাপারে দলের নেতৃত্বের সবুজ সংকেত অনুযায়ী কাজ হচ্ছে বলে জানা গিয়েছে। বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, বিজেপির উপর মানুষের প্রত্যাশা কতটা, তা এবার ভোটে মানুষ বুঝিয়ে দিয়েছে। আমরাও মানুষের পাশে থেকে কাজের লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছি। তারই অংশ হিসেবে রায়গঞ্জ পুরসভার ২৭টি ওয়ার্ডের বাসিন্দাদের অসুবিধার বিষয়গুলিও দেখভালের জন্য কর্মীদের বলা হয়েছে। মূলত কোনো বাসিন্দাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করানো, কারও মৃত্যু হলে শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থা সহ পাশে থাকার মতো কাজে যুক্ত হচ্ছেন ওয়ার্ডের বিজেপি কর্মীরাই। এব্যাপারে জেলা নেতৃত্বের তরফে সিদ্ধান্তের পরই এই কাজ শুরু হয়েছে।
নিমাইবাবু আরও বলেন, আমরা এতদিন বিরোধী হিসেবে মানুষের পাশে থেকে কাজ করেছি। এবার রাজ্যের শাসক দল হিসেবে মানুষের পাশে থাকতেই জরুরি ভিত্তিতে কাজ করা হবে।
ওয়ার্ড ভিত্তিকভাবে আমাদের কর্মীদের এব্যাপারে বলা হয়েছে। যাতে জরুরি নাগরিক পরিষেবা যেমন জঞ্জাল সাফাই, পানীয় জল, পথবাতির মতো বিষয়গুলিও যথাযথ হয়, সেগুলিও দেখা হচ্ছে।