Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ

ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে

বিজেপি নেতা-কর্মীর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: ঘর পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল বিজেপির নেতা ও কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর মৌজা সংসদে। এই বিষয়ে উপভোক্তারা নামখানার বিডিও’র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 

Advertisement

সম্প্রতি মৌসুনি গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি প্রতিনিধি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করেছেন। অভিযোগ, ওই সরকারি প্রতিনিধির সঙ্গে বিজেপির নেতা-কর্মীরাও যাচ্ছেন। তাঁরা বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে উপভোক্তাদের কাছ থেকে এক হাজার টাকা করে নিচ্ছেন। এমনকি, টাকা নেওয়ার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। তবে তাতে ব্লক অফিসের নাম করে এক বিজেপি নেতাকে উপভোক্তার কাছ থেকে টাকা চাইতে শোনা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই নামখানায় শোরগোল পড়েছে। বিজেপি নেতৃত্ব জানিয়েছে, ভিডিয়োতে যাঁকে দেখা গিয়েছে, তিনি বিজেপির কর্মী নন।
এ বিষয়ে অভিযোগকারী নুর মহম্মদ খাঁ বলেন, ‘সরকারি প্রতিনিধির সঙ্গে বিজেপির তিন নেতা ও কর্মী তাঁর বাড়িতে এসেছিলেন। তাঁরা স্পষ্ট বলেন, এক হাজার টাকা দিতে হবে। এই টাকা না দিলে আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। বাধ্য হয়ে তাঁদের টাকা দিতে হয়েছে। তবে শুধু আমার কাছ থেকে নয়, এই গ্রামের বহু মানুষের কাছ থেকে এভাবে ভয় দেখিয়ে টাকা আদায় করা হয়েছে।’
মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বিজেপি নেতা নারায়ণ পয়ড়্যা বলেন, ‘এই বিষয়ক একটি ভিডিয়ো দেখেছি। তবে ওই ভিডিয়োতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে, তিনি বিজেপির কর্মী নন। বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপিকে কলুষিত করার জন্য এসব বলছে।’ ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একটি অভিযোগপত্র জমা পড়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ