Bartaman Logo
৪ জুলাই, ২০২৬

মধ্যপ্রদেশে নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ বিজেপি নেতার, কর্মবিরতির হুমকি জুনিয়র ডাক্তারদের

মধ্যপ্রদেশে নাইট ডিউটিতে মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহের অভিযোগ। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কর্মবিরতির হুমকি জুনিয়র ডাক্তারদের। বিস্তারিত পড়ুন।

মধ্যপ্রদেশে নাইট ডিউটিতে থাকা মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ বিজেপি নেতার, কর্মবিরতির হুমকি জুনিয়র ডাক্তারদের
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নাইট ডিউটি চলাকালীন মহিলা চিকিৎসককে যৌন নিগ্রহ। বাধা দিলে গুলি করে খুনের হুমকি। অভিযোগের তির বিজেপি যুব মোর্চার এক নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। প্রতিবাদে সরব চিকিৎসক মহল। মধ্যপ্রদেশ জুনিয়র চিকিৎসক অ্যাসোসিয়েশন (জুডা) হুমকি দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার না হলে রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু করা হবে। চিকিৎসা কর্মীরা বলেছেন, সরকারি হাসপাতালে নাইট ডিউতে থাকা স্বাস্থ্যকর্মী, বিশেষ করে মহিলা চিকিৎসকদের নিরাপত্তার হাল কী, এই ঘটনা সেটাই তুলে ধরছে। প্রতিবাদকারী এক ডাক্তার বলেন, চিকিৎসকেরাই হাসপাতালের ভিতর নিরাপদ নন। 

Advertisement

অভিযুক্তের নাম অনিল শ্রীবাস্তব। তিনি মধ্যপ্রদেশ রাজ্য বিজেপি যুব মোর্চার কার্যনির্বাহী কমিটির সদস্য। কর্তব্যরত অবস্থায় যৌন নিগ্রহের শিকার মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে শ্রীবাস্তব ও তার এক সঙ্গীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ সাগর জেলার বুন্দেলখণ্ড মেডিকেল কলেজে আনা হয় লক্ষ্মী তিওয়ারি নামে এক রোগীকে। অভিযোগ, চিকিৎসা চলাকালীন ওই রোগীর সঙ্গে আসা অনিল শ্রীবাস্তব ও তার সঙ্গী স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। সেখানে উপস্থিত মহিলা চিকিৎসক প্রতিবাদ করলে শ্রীবাস্তব তাঁকে যৌন নিগ্রহ করেন। একই সঙ্গে বিজেপি যুব মোর্চার ওই নেতা মহিলা চিকিৎসককে হুমকি দিয়ে বলেন, হাসপাতালের বাইরে পা দিলেই গুলি চলবে। অভিযুক্ত দুই ব্যক্তি নার্সদের সঙ্গেও দুর্ব্যবহার করেন ও হুমকি দেন। অতিরিক্ত পুলিশ সুপার নরেন্দ্র সোলাঙ্কি বলেছেন, মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় যুব মোর্চার নেতা ও তাঁর সঙ্গীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দুই অভিযুক্তকেই যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজে ঢোকার মূল রাস্তা আটকে বিক্ষোভ দেখান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসা পরিষেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়। প্রতিবাদী চিকিৎসকদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ ও প্রশাসনের প্রবীণ আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ সাময়িকভাবে প্রত্যাহার করা হয়। তবে, জুনিয়র চিকিৎসক অ্যাসোসিয়েশন সাফ জানিয়ে দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে রাজ্যজুড়ে কর্মবিরতি শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ