সংবাদদাতা, কাঁথি: পটাশপুরে বিজেপি কর্মীর রায়তি জমির উপর পঞ্চায়েতের ঢালাই রাস্তা তৈরির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। শুক্রবার পটাশপুর-২ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের প্রতাপদিঘির জগতি এলাকায় দু’পক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। ঘটনায় এক মহিলা জখম হন। কাজ বন্ধ হয়ে যায়। স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিডিও শঙ্খ ঘটক বলেন, একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
তৃণমূল পরিচালিত শ্রীরামপুর পঞ্চায়েতের উদ্যোগে জগতি এলাকায় একটি ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। ১৭২মিটার রাস্তাটি তৈরির জন্য ৪লক্ষ ৫০হাজার টাকা খরচ হচ্ছে। শুক্রবার এলাকার তৃণমূল কর্মীদের উপস্থিতিতে রাস্তার কাজ শুরু হয়। তখন স্থানীয় বাসিন্দা অনন্তকুমার কর্মী ও তাঁর পরিবার কাজে বাধা দেয়। বিজেপি কর্মী অনন্তবাবু অভিযোগ তোলেন, তাঁর রায়তি জমির উপর জোর করে রাস্তা তৈরি করছে পঞ্চায়েত। এনিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তা থেকে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, অনন্তবাবুর মেয়েকে চুলের মুঠি ধরে মারধর করা হয়।
অনন্তবাবু বলেন, আমার কাছে ওই জমির বৈধ দলিল, রেকর্ড সহ কাগজপত্র রয়েছে। আমরা বিজেপি করি বলে তৃণমূল নেতারা জোর করে আমাদের জায়গার উপর রাস্তা তৈরি করছে। আমাদের অনুমতি নেওয়া হয়নি। এদিন বাধা দিতে গেলে কয়েকজন আমাদের উপর চড়াও হয়ে মারধর করে।
পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপনকুমার মাইতি বলেন, সরকারি নিয়ম মেনে ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে। মারধরের অভিযোগ মিথ্যা। দু’বছর ধরে অনন্ত কর্মী ও তাঁর পরিবারের লোকজন নাটক করছেন। ওই জমি তাঁর নয়। আমরা আমিন দিয়ে জমি মেপে দেখেছি। খুব তাড়াতাড়ি ফের কাজ শুরু হবে।