


সংবাদদাতা, রামপুরহাট: ‘যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন কাউকে তাড়াতে দেব না। বিহারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না।’ বৃহস্পতিবার মুরারই বিধানসভার পাইকরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসআইআর প্রসঙ্গে এমনই মন্তব্য করেন তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল। পাশাপাশি বিজেপিকে ‘জল্লাদদের দল’ বলে তীব্র কটাক্ষ করেন তিনি। যদিও জেলার বিজেপি নেতা ধ্রুব সাহা বলেন, বিজেপি জল্লাদের দল হলে ওঁকে তিহার থেকে ফিরতে হত না। শূলে বা ফাঁসিতে চড়তে হত।
বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ব্লকভিত্তিক সভা করছেন অনুব্রত। বিভিন্ন ধর্মের মানুষের পাশাপাশি রোজা রেখেও সভায় মুসলিমরা ভিড় করছেন। এরজন্য বক্তব্যের শুরুতেই তিনি ধন্যবাদ জানানোর পাশাপাশি এই ভিড় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসার প্রকাশ বলে উল্লেখ করেন। এদিন তাঁর বক্তব্যে আগাগোড়াই নিশানায় ছিল বিজেপি। চূড়ান্ত ভোটার তালিকায় বহু মানুষের নাম বাদ ও বিচারাধীন থাকা প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদিকেও আক্রমণ করেন অনুব্রত। তিনি বাসিন্দাদের আশ্বাস দিয়ে বলেন, ভয় পাবেন না। মোদি ভেবেছিল বাংলা থেকে মুসলিম, এসসি, এসটিদের বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারবেন না। মনে রাখবেন, এটা পশ্চিমবাংলা। ওরা বাদ দেবে আর আমরা বিহারের মতো দাঁড়িয়ে দেখব? আমরা মরে গেছি নাকি? দলটার নাম তৃণমূল কংগ্রেস। চ্যালেঞ্জ করছি, যতদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন কাউকে তাড়াতে দেব না। এই মাটিতে তাঁদের জন্ম। মুসলিম হওয়া কি তাদের অন্যায়? ওরা জাতপাতের রাজনীতি করে। লজ্জা লাগা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ে না পেরে এসআইআর করে দু’কোটি মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করা হয়েছে। এরপর এনআরসি কবে করবে? দেখতে চাই। এই মাটি ছেড়ে কোথাও যাব না। এই এলাকায় মিম পার্টি মাথা চাড়া দিচ্ছে। তা নিয়েও সতর্ক করে অনুব্রত বলেন, কারও উসকানিতে পড়ে মিম পার্টিকে ভোট দেবেন না। ক্ষতি হয়ে যাবে। এবার ভোটে বীরভূমের মেয়ে আবার মুখ্যমন্ত্রী হবেন। কেউ রুখতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে আমরা থাকব। না থাকলে এই জল্লাদদের দল আপনাদের ক্ষতি করবে। এনআরসি লাগু করবে। কিন্তু উনি থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। মুরারইয়ের পাইকরের সভায় অনুব্রত। বৃহস্পতিবার তোলা নিজস্ব চিত্র