নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মার্কস, লেনিন, হো চি মিনের নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তনের অপচেষ্টার বিরুদ্ধে ৬টি বাম দল একত্রে সমাবেশ করল সোমবার। প্রথমে ধর্মতলায় লেনিন মূর্তির পাদদেশে এই সমাবেশের কথা থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করে সুবোধ মল্লিক স্কোয়ারে করা হয়। বাম নেতৃত্বের অভিযোগ, রবিবার রাতে পুলিশ তাদের বলে অন্য একটি কর্মসূচির জন্য জায়গার পরিবর্তন করতে হবে।
এদিনের সমাবেশে বামফ্রন্টের দলগুলো ছাড়াও এসইউসিআই ও সিপিআই (এমএল) লিবারেশন যোগ দিয়েছিল। এই সমাবেশের জন্য প্রথমে এসইউসির তরফেই সমস্ত বাম দলকে প্রস্তাব দেওয়া হয়। সকল বাম দলের নেতৃত্ব তাদের রাজ্য দপ্তরে বৈঠকও করেন।
এদিনের সমাবেশের সভাপতিত্ব করেন এসইউসি নেতা অমিতাভ চট্টোপাধ্যায়। পুজোর পর বৃহত্তর কনভেনশনের ডাক দেওয়া হয়। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, সেইসময় যাঁরা মনে করেছিলেন বিজেপি সরকার আমাদের রাজ্যে ‘গেম চেঞ্জার’ হবে, তাঁরাই দেখছেন এখন হয়ে উঠেছে ‘নেম চেঞ্জার’! যারা দেওয়াল লিখতে বারণ করে, তারা এখন রাস্তায় রামধনুর রং আঁকছে। পালটে দেওয়ার দরকার ছিল অর্থনীতি, রোজগার, সরকার সেদিকে নজর দিচ্ছে না। এটা লেনিন, মার্কস, হো চি মিনে থামবে না। ওরা যদি লেনিন মূর্তি ভাঙে, তাহলে নেতাজিও অক্ষত থাকবে না। সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বামপন্থীদের এক হওয়ার কথা বলেন। এসইউসি রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, রাস্তার নাম পরিবর্তন শুধু নাম পরিবর্তন নয়। বিজেপির রূপ ক্রমশ প্রকাশিত হচ্ছে। এছাড়া এদিনের সভায় বক্তব্য রাখেন লিবারেশনের অতনু চক্রবর্তী, আরএসপির তপন হোড়, ফরওয়ার্ড ব্লকের নরেন চট্টোপধ্যায় প্রমুখ।



