Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিষ্ণুপুরের অযোধ্যা পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠন, গেরুয়া আবির মেখে উচ্ছ্বাস

বিষ্ণুপুরের অযোধ্যায় বিজেপি গঠন করল নতুন পঞ্চায়েত বোর্ড। শান্তিময় গঙ্গোপাধ্যায় প্রধান নির্বাচিত, বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। বিস্তারিত পড়ুন।

বিষ্ণুপুরের অযোধ্যা পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠন, গেরুয়া আবির মেখে উচ্ছ্বাস
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীর পর এবার বিষ্ণুপুরের অযোধ্যায় তৃণমূলের পঞ্চায়েত ছিনিয়ে বিজেপি বোর্ড গঠন করল। কয়েকদিন আগে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের ইস্তফার পর বৃহস্পতিবার প্রশাসনের উদ্যোগে ভোটাভুটি হয়। তাতে বিপক্ষের কেউ উপস্থিত হননি। বিজেপির পাঁচজন সদস্যের সমর্থনে প্রধান নির্বাচিত হন শান্তিময় গঙ্গোপাধ্যায়। এলাকায় অত্যন্ত জনপ্রিয় মুখ তিনি। দীর্ঘদিন ধরে তিনি পঞ্চায়েতের বিরোধী দলনেতা ছিলেন। তাই তাঁকেই দলের পক্ষ থেকে প্রধান পদে বসার জন্য সবুজ সংকেত দেওয়া হয়। সেই মতো এদিন প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ভোটাভুটি হয়। তারপরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপি কর্মী ও সমর্থকরা। মিষ্টিমুখ করানো থেকে শুরু করে শান্তিময়বাবুকে কাঁধে নিয়ে অযোধ্যা বাজারে মিছিল করেন। বাজি ফাটানো এবং গেরুয়া আবির খেলায় মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। 

Advertisement

বিজেপির বিষ্ণুপুর গ্রামীণ (১) মণ্ডলের সভাপতি অরিজিৎ মণ্ডল বলেন, গত পঞ্চায়েত ভোটে আমাদের একজন মহিলা সদস্যকে ভয় ও প্রলোভন দেখিয়ে অযোধ্যায় তৃণমূল বোর্ড গঠন করেছিল। পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। তৃণমূলের প্রধান ও উপপ্রধান ইস্তফা দেওয়ার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে বোর্ড গঠন হয়েছে। সাধারণ মানুষের পরিষেবা নিয়ে কোনোরকম দলবাজি হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির সবকা সাথ সবকা বিকাশ নীতি নিয়ে পঞ্চায়েত চলবে।  
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত ভোটে অযোধ্যায় ১২ আসনের মধ্যে পাঁচটি বিজেপি, ছ’টি তৃণমূল এবং একটি আসনে নির্দল  জয়ী হয়। ওই সময় নির্দলের সমর্থনে বিজেপি বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু করেছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপির এক মহিলা সদস্যাকে তাদের দলে যোগদান করায়। বোর্ড গঠন করে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের প্রধান ও উপপ্রধান ইস্তফা দেন। বৃহস্পতিবার ভোটাভুটির মাধ্যমে প্রধান হন শান্তিময়বাবু। তিনি   বলেন, আমি দীর্ঘদিন অযোধ্যা পঞ্চায়েতের সদস্য এবং বিরোধী দলনেতা রয়েছি। তাই এই পঞ্চায়েতের সমস্ত খুঁটিনাটি বিষয় আমার জানা আছে। সেই জন্য দল আমাকে দায়িত্ব দিয়েছে। তার মর্যাদা রাখার চেষ্টা করব। স্বচ্ছতাই আমাদের অঙ্গীকার। এদিন সোনামুখীর রাধামোহনপুর গ্রামপঞ্চয়েতেরও দখল নিল বিজেপি। ২৩ সদস্য বিশিষ্ট ওই পঞ্চায়েতে ১৩ জন তৃণমূল এবং বিজেপির ১০জন সদস্য ছিলেন। প্রধান ছিলেন রিঙ্কু রুইদাস। সম্প্রতি তিনি ইস্তফা দেন। তারপর নিয়ম মেনে এদিন ভোটাভুটি হয়। তাতে বিজেপির ১০জন সদস্য অংশ নিলেও বিরোধী পক্ষের কেউ হাজির হননি। রাধামোহনপুর বুথের সদস্য বিজেপির মমতা মাঝি প্রধান হন। বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা গেরুয়া আবির খেলায় মাতেন। মিষ্টিমুখ করান। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ