নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে উত্তেজনা ছড়াল টিটাগড়ে। শনিবার রাতে এক দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়। পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরপর থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশের সামনেই উভয়পক্ষ মারপিটে জড়িয়ে পড়ে। এই ঘটনায় দু’পক্ষের মোট পাঁচজন জখম হয়েছেন। পুলিশ জানিয়েছে, উভয়পক্ষের অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা হবে। জানা গিয়েছে, রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষ্যে বারাকপুরের বড়োপোলে বিজেপির ১ নম্বর মণ্ডলের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অভিযোগ, অনুষ্ঠানের ব্যানারে স্থানীয় বিধায়ক কৌস্তভ বাগচীর ছবি ছিল না। বিধায়কের অনুগামীরা এ নিয়ে প্রশ্ন তুললে অর্জুন সিং ঘনিষ্ঠদের সঙ্গে তাঁদের বচসা হয় এবং হাতাহাতি পর্যন্ত হয়। তাতে দু’জন আহত হন। এরপর দু’পক্ষই টিটাগড় থানায় অভিযোগ জানাতে যায়। সেখানেও একপ্রস্থ তর্কাতর্কির পর মারপিট শুরু হয়। ওই ঘটনায় দু’পক্ষের তিনজন আহত হয়েছেন। যদিও টিটাগড় থানার পুলিশ দু’পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে বিধায়ক কৌস্তভ বাগচী বলেন, মানুষের সমর্থনে বিজেপি ক্ষমতায় এসেছে। তাই এমন কোনো কাজ করা উচিত নয়, যাতে দলের সম্পর্কে মানুষের কাছে খারাপ বার্তা যায়। দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, আমি নিজেও নই।



