নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিনিয়র রেসিডেন্ট বা এসআরদের মেধাভিত্তিক কাউন্সেলিং ফেরাতে চাইছেন বিজেপির নব নির্বাচিত চিকিৎসক-বিধায়কদের একাংশ। আজ সোমবার সরকারি স্বাস্থ্য পরিষেবা ও পঠনপাঠন সংক্রান্ত জরুরি বিষয় নিয়ে আলোচনার জন্য স্বাস্থ্যভবনে যাচ্ছেন দলের আট চিকিৎসক-বিধায়ক। প্রধান সচিবসহ কর্তাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। আলোচনা হতে পারে এসআরদের মেধাভিত্তিক কাউন্সেলিং ফেরানো নিয়ে।
দুমাস আগে এসওপি জারিসহ এসআরদের মেধাভিত্তিক কাউন্সেলিং বাতিল করে পূর্বতন সরকার। অভিযোগ, এজন্য বহু মেধাবী তরুণ চিকিৎসক এমন জায়গায় কাজে যোগ দিতে বাধ্য হয়েছেন, যেখানে সদ্য শেষ করা পিজি ডিগ্রি কাজেই লাগছে না। এছাড়া স্বচ্ছ বদলি ও পদোন্নতি নীতি চালু করা, প্রতিহিংসামূলক বদলি বন্ধ করা, রেফার কমানো, গ্রামীণ ও মাঝারি স্তরের হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন প্রৃতি বিষয়েও আলোচনা হতে পারে। বিজেপির চিকিৎসক-বিধায়ক ইন্দ্রনীল খান বলেন, মেধাভিত্তিক কাউন্সেলিং বন্ধ হওয়ায় তরুণ ডাক্তারদের উৎসাহ নষ্ট হচ্ছে। বিশেষজ্ঞদের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মানুষ। আমরা মেধার কাউন্সেলিং চালুর পক্ষপাতী।
সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের মেধাভিত্তিক কাউন্সেলিংয়ের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল প্রায় ৫ হাজার তরুণ ডাক্তার। ২০২৫ সালে শেষ মেধাভিত্তিক কাউন্সেলিং হয়। তার অর্থ, পোস্ট গ্র্যাজুয়েশনে যিনি যেমন নম্বর পাবেন, পোস্টিংয়ে অগ্রাধিকার মিলবে তারই ভিত্তিতে। কিন্তু, সেবারই অভয়া আন্দোলনে নেতৃত্বপ্রদানকারী তিন চিকিৎসককে কাউন্সেলিংয়ের সিলেকশন না মেনে রায়গঞ্জ, মালদহ ও পুরুলিয়ায় পাঠানো হয়। তিনজনেই কোর্টে জয়লাভ করেন।
কিন্তু,২০২৬-এ এসওপি জারি করে সে ব্যাচ থেকে মেধার কাউন্সেলিং বাতিল করে দেয় আগের সরকার।
এসআররা বলছেন, মাত্র দুমাস হল ডিউটি করছে ২০২৬-এর ব্যাচ। নতুন করে এই ব্যাচের মেধাভিত্তিক কাউন্সেলিং হোক। দ্বিতীয়ত, এসআরশিপ শুরুর আগে গড়ে চারমাস বসে থাকতে হয়। পিজি শেষ হলেই পুরানো হাসপাতালে কাজে নামানো উচিত। কাউন্সেলিংয়ের পর নতুন জায়গায় পাঠালেই হল। এছাড়া বন্ড পোস্টিংয়ের প্রথম বছর এনএমসি নিয়মে স্বীকৃত মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠানে কাজ দেওয়া উচিত। না-হলে মেডিকেল এডুকেশন সার্ভিসে যোগ দিতে সমস্যা হতে পারে। ডাঃ অনিকেত মাহাত বলেন, পোস্ট গ্র্যাজুয়েশনের বিদ্যা যদি কাজেই না লাগে, ডাক্তারি করে কী লাভ? টাকা খরচ করে পড়িয়ে সরকারেরই-বা কী লাভ হল? অবিলম্বে এসআরদের মেধার কাউন্সেলিং চালু করা উচিত।