Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপির জেলা সভাপতিকে মার, ধৃত দলেরই ৭ জন কর্মী

বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দারের উপর হামলার ঘটনায় সাতজন বিজেপি কর্মী গ্রেপ্তার। রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। বিস্তারিত পড়ুন।

বিজেপির জেলা সভাপতিকে মার, ধৃত দলেরই ৭ জন কর্মী
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতির উপর হামলার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ। সোমবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাঁরা সকলেই বিজেপি কর্মী। মঙ্গলবার তাঁদের বারাসত আদালতে পেশ করা হয়। আর এই গ্রেপ্তারিকে ঘিরে বারাসতের রাজনৈতিক মহলে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে।

Advertisement

২৭ মে রাতে বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি রাজীব পোদ্দারের উপর হামলার অভিযোগ ওঠে। তিনি আহত হন। হামলার পর থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয় জেলা বিজেপি নেতৃত্ব। অভিযোগ ছিল, কয়েক দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। আর সেই অভিযোগ তুলে রবিবার বারাসত থানার সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বিজেপি। থানার সামনে অবস্থান-বিক্ষোভে অংশ নেন দলের বহু কর্মী-সমর্থক। জেলা নেতৃত্বের তরফে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এরপর সোমবার রাতে অভিযুক্তদের খোঁজে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে বারাসত থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারাসত আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁরা বিজেপি করার কথা স্বীকার করেন। ফলে, মারধরের ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যে দায়ী তা স্পষ্ট বলেই মনে করছেন অনেকে।
এদিকে, বারাসতের বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়কে উদ্দেশ করে প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে এক মহিলার বিরুদ্ধে পুলিশের কাছে মঙ্গলবার অভিযোগ জানাল বিজেপি। সম্প্রতি বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি রাজীব পোদ্দারের উপর হামলার ঘটনার পরই ওই মহিলা বিধায়কের বিরুদ্ধে এমন মন্তব্য করেন বলে অভিযোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ