Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

বঙ্গের বাকি আসনের প্রার্থী ঠিক করতে আজ বৈঠক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

আজ, বুধবার দ্বিতীয় দফায় দলের কেন্দ্রীয় নির্বাচনি কমিটির বৈঠকে বসতে পারে বিজেপি। সেইমতো আজ, বুধবার রাতে অথবা কাল, বৃহস্পতিবার বাংলার দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির

বঙ্গের বাকি আসনের প্রার্থী ঠিক করতে আজ বৈঠক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের
  • ১৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আজ, বুধবার দ্বিতীয় দফায় দলের কেন্দ্রীয় নির্বাচনি কমিটির বৈঠকে বসতে পারে বিজেপি। সেইমতো আজ, বুধবার রাতে অথবা কাল, বৃহস্পতিবার বাংলার দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে গেরুয়া শিবির। ইতিমধ্যেই বাংলার ১৪৪টি বিধানসভা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রশ্ন উঠছে, দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় কি পূর্ণাঙ্গ লিস্ট ঘোষণা করে দেবে বিজেপি? নাকি আরও কয়েকটি ধাপে তা প্রকাশ করা হবে? দলের শীর্ষ সূত্রে দাবি করা হয়েছে যে, রাজ্যের বাকি ১৫০টি আসনে প্রার্থী তালিকা দ্বিতীয় দফাতেই ঘোষণা হয়ে যাবে। তবে দলের অন্দরের খবর, রাজ্যের বেশ কয়েকটি আসন নিয়ে ইতিমধ্যেই জট তৈরি হয়েছে। রাজ্যে দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণার আগে ওই জট কাটানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। 

Advertisement

জানা যাচ্ছে, মঙ্গলবার দিল্লিতে দফায় দফায় দলের শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য বিজেপির নেতারা। এদিন সকালে পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নির্বাচনি পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে একপ্রস্থ বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদাররা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতাও। এরপর মঙ্গলবার বিকালে আবারও ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করেন শমীকবাবুরা। এদিন রাতে বৈঠক হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার দিল্লির সরকারি বাসভবনে। রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে যে, ওই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ওই বৈঠক চলে। জানা যাচ্ছে, রাজ্যের বাকি আসনগুলির প্রার্থী তালিকা এদিনের বৈঠকে কার্যত চূড়ান্ত করে ফেলেছে বিজেপি। যদিও প্রথম প্রার্থী তালিকার মতোই দ্বিতীয় লিস্টেও বড়ো কোনো চমক দেওয়ার পথে হাঁটবে না দল। এক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হবে দলের আদিপন্থী নেতা, কর্মীদেরই উপরই। প্রধানত দলের অনেক পুরনো, কিন্তু সক্রিয় নেতা, কর্মীদের একটি বড় অংশকেই বাকি আসনগুলিতে প্রার্থী করতে চলেছে গেরুয়া শিবির। অন্তত এমনই জানিয়েছে বিজেপি সূত্র। তাৎপর্যপূর্ণ বিষয় হল যে, প্রথম প্রার্থী তালিকায় বাংলায় কোনো সংখ্যালঘু মুখকে স্থান দেয়নি গেরুয়া শিবির। দলীয় সূত্রের দাবি, সম্ভবত বাংলায় বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকাও সংখ্যালঘু-শূন্য হতে চলেছে। বড়োজোর একজন মহিলা মুসলিম মুখকে প্রার্থী করা হতে পারে। যদিও কেন্দ্রটি অনিশ্চিত।

Advertisement
সম্পর্কিত সংবাদ