Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

তৃণমূল কংগ্রেসের সমর্থনে তেহট্ট-১ পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি

পঞ্চায়েত সমিতির সভাপতি অপসারণের অনাস্থা ভোটে তৃণমূলের সমর্থনে জয় পেল বিজেপি। বৃহস্পতিবার তেহট্ট-১ ব্লক অফিসে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৯-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাশ হয়।

তৃণমূল কংগ্রেসের সমর্থনে তেহট্ট-১ পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তেহট্ট:  পঞ্চায়েত সমিতির সভাপতি অপসারণের অনাস্থা ভোটে তৃণমূলের সমর্থনে জয় পেল বিজেপি। বৃহস্পতিবার তেহট্ট-১ ব্লক অফিসে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৯-০ ভোটে অনাস্থা প্রস্তাব পাশ হয়। এর জেরে অপসারিত হলেন তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সিপিএম সভাপতি ইমরান শেখ। তবে অনাস্থা ভোটের এক দিন আগেই, বুধবার, তেহট্টের মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ইমরান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩৩ আসনের তেহট্ট-১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির ১৩, তৃণমূলের ৯, সিপিএমের ৯ এবং কংগ্রেসের দু’জন সদস্য রয়েছেন। নির্বাচনের পর তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের জোটে বোর্ড গঠিত হয়েছিল। সভাপতি হন সিপিএমের ইমরান শেখ এবং সহ-সভাপতি হন তৃণমূলের উত্তম বিশ্বাস। গত জুলাইয়ে সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অনাস্থা আনে বিজেপি। প্রশাসনিক ও রাজনৈতিক টানাপড়েনের কারণে ভোট পিছিয়ে যাওয়ার পর অবশেষে বৃহস্পতিবার অনাস্থা ভোটের দিন নির্ধারিত হয়।

Advertisement

এদিন ৩৩ জন সদস্যের মধ্যে বিজেপির ১৩ জন এবং তৃণমূলের ছ’জন সদস্য সভায় উপস্থিত ছিলেন। সভাপতি ইমরান শেখ এবং সহ-সভাপতি উত্তম বিশ্বাস কেউই সভায় ছিলেন না। উপস্থিত ১৯ জন সদস্যই সভাপতির বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন। ফলে ১৯-০ ভোটে প্রস্তাবটি পাশ হয়ে যায়।
এদিকে, ভোটের ফল প্রকাশের পর নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, সভাপতি কে হবেন, তা পরে আমরা সিদ্ধান্ত নেব। এ দিকে, আজ শুক্রবার তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি উত্তম বিশ্বাসের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব নিয়ে সভা ডাকা হয়েছে। তবে তিনিও বুধবারই মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ