


দিবাকর মজুমদার, ইটাহার: ইটাহারে বিজেপি প্রার্থী সবিতা বর্মনের বুথে বড়োসড়ো ভাঙন। ভোটের মুখে বিজেপি প্রার্থীর বুথে দুই শতাধিক বিজেপি কর্মী জোড়াফুলের ঝান্ডা ধরলেন। দলে তাঁদের স্বাগত জানান খোদ তৃণমূল প্রার্থী মোশারফ হোসেন। তৃণমূলের দাবি, বিজেপির সেই বুথের সভাপতি সত্যম রায়ও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জোড়াফুলে শামিল হয়েছেন। সবিতার বুথে তৃণমূলের এই যোগদানে অস্বস্তিতে পড়েছে বিজেপি। যদিও বিজেপি প্রার্থী সবিতা বলেন, সত্যম বর্তমানে আমাদের বুথ সভাপতির দায়িত্বে নেই। তৃণমূল ভয় পেয়ে ভোটের আগে বিজেপি কর্মীদের বিভ্রান্ত করতে এই ধরনের মিথ্যাচার ছড়াচ্ছে। মানুষ তৃণমূলকে চায় না।
ইটাহারের বিজেপি প্রার্থী সবিতা সাহাপুর চালুনিয়া বুথের বাসিন্দা। শুক্রবার বিকেলে শ্রীপুরে আয়োজিত যোগদান সভায় সবিতার বুথের দুই শতাধিক বিজেপি কর্মী মোশারফের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। শুধু বিজেপি প্রার্থীর বুথ নয়, গোঠলু, বালিয়াপাড়া এবং জয়হাট অঞ্চলেও তৃণমূলের যোগদান কর্মসূচি হয়।
তৃণমূলে যোগ দিয়েই সত্যম বর্মন বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। সত্যম বলেন, বিজেপি ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে। মানুষের উন্নয়নের স্বার্থে তৃণমূলে যোগ দিলাম।
বিজেপি প্রার্থীর বুথে দুই শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করায় খুশি তৃণমূল। এই দলবদলের ফলে তৃণমূলের শক্তি বাড়ল বলে দাবি রাজনৈতিক মহলের। ভোটের আগে তৃণমূলে যোগদানের হিড়িক বেড়ে যাওয়ায় জোড়াফুলও উজ্জীবিত। তৃণমূল প্রার্থী মোশারফ বলছেন, ধর্মের নামে বিভাজন সৃষ্টি করে ভোটে জেতা যায় না। এটা বিজেপি টের পাবে ভোট বাক্সে।