Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করলেন বিজেপি প্রার্থী হরিপদ বর্মন, হেমতাবাদ আসন ধরে রাখতে মরিয়া সত্যজিত্

তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা হতেই ভোট প্রচারে নেমে পড়লেন হেমতাবাদের বিজেপি প্রার্থী হরিপদ বর্মন।

মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ শুরু করলেন বিজেপি প্রার্থী হরিপদ বর্মন, হেমতাবাদ আসন ধরে রাখতে মরিয়া সত্যজিত্
  • ২৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: তৃতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা হতেই ভোট প্রচারে নেমে পড়লেন হেমতাবাদের বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। শুক্রবার একাধিক মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন হরিপদ। তাঁর প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেসের সত্যজিত্ বর্মন। তিনি বিদায়ী মন্ত্রী। হেমতাবাদে নিজের আসন ধরে রাখতে আগেই প্রচারে নেমে পড়েছেন সত্যজিত্। স্বামীর হয়ে প্রচারে নেমে পড়েছেন জ্যোত্স্না সিনহা বর্মন। তিনি জেলা পরিষদের সদস্যা।  

Advertisement

রায়গঞ্জ ব্লকের ৭ টি গ্রাম পঞ্চায়েত ও হেমতাবাদ ব্লকের ৫ টি গ্রাম পঞ্চায়েত নিয়ে হেমতাবাদ বিধানসভা। বর্তমানে এই বিধানসভা তৃণমূলের দখলে রয়েছে। 
গত বিধানসভা ভোটে হেমতাবাদে ২৭ হাজার ভোটে জয়ী হয়েছিল জোড়াফুল। জিতে শিক্ষা প্রতিমন্ত্রী হন সত্যজিত্। এবারও জয় ধরে রাখতে সকাল থেকে রাত- বিভিন্ন জায়গায় ছুটছেন তিনি। বৃহস্পতিবার ভাটোল গ্রাম পঞ্চায়েতের মালিবাড়ি বুথে প্রচার সারেন তিনি। এরপর মহিপুর, বিন্দোল ও জগদীশপুর গ্রামপঞ্চায়েতে জনসংযোগ, বুথসভা করেন। 
মানুষের সাড়া পেয়ে আত্মবিশ্বাসী সত্যজিত্। তিনি বলেন, ভোট প্রচারে সাধারণ মানুষের কাছে যাচ্ছি। এলাকায় রাজ্য সরকারের তরফে অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের কথা তুলে ধরে প্রচার করছি। প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপি প্রার্থীও। এদিন মন্দিরে পুজো শেষে হেমতাবাদ সদর ও মহারাজা এলাকায় হেঁটে জনসংযোগ করেন। হেমতাবাদে এবার পদ্মফুল ফুটবে বলে আশাবাদী গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী হরিপদ বলেন, বিধায়ক যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করতে পারেননি।  এলাকার মানুষ তাই বিকল্প হিসেবে বিজেপিকে চাইছে। 
যদিও বিজেপি প্রার্থীর অভিযোগকে পাত্তা দিতে নারাজ সত্যজিৎ। তাঁর দাবি, এলাকার মানুষের দাবিমতো কাজ করেছি। উন্নয়নের নিরিখে মানুষ জোড়াফুলেই ভোট দেবেন।

সম্পর্কিত সংবাদ