Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬

হরিয়ানায় পুর নির্বাচনেও বড় জয় গেরুয়া শিবিরের, ধরাশায়ী কংগ্রেস

এবার হরিয়ানায় পুরনিগম ভোটেও ‌ব্যাপক সাফল্য পেল বিজেপি। আম্বালা, সোনিপত ও পঞ্চকুলা পুরনিগমের ৬২টি ওয়ার্ড, তিনটি পুর কমিটির ৫০টি ওয়ার্ড এবং রেওয়ারি পুরসভার ৩২টি ওয়ার্ডে নির্বাচন হয়েছিল।

হরিয়ানায় পুর নির্বাচনেও বড় জয় গেরুয়া শিবিরের, ধরাশায়ী কংগ্রেস
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: এবার হরিয়ানায় পুরনিগম ভোটেও ‌ব্যাপক সাফল্য পেল বিজেপি। আম্বালা, সোনিপত ও পঞ্চকুলা পুরনিগমের ৬২টি ওয়ার্ড, তিনটি পুর কমিটির ৫০টি ওয়ার্ড এবং রেওয়ারি পুরসভার ৩২টি ওয়ার্ডে নির্বাচন হয়েছিল। এর মধ্যে আম্বালা ও সোনিপত পুরনিগমে ইতিমধ্যেই জয় পেয়েছে বিজেপি। পঞ্চকুলাতেও সকলের থেকে অনেকটা এগিয়ে রয়েছে পদ্মশিবির। নির্বাচন কমিশন জানিয়েছে, আম্বালায় ১৬টি ওয়ার্ডে জিতেছে বিজেপি। তিনটি গিয়েছে কংগ্রেসের দখলে। একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। সোনিপতে বিজেপি ১৭টি ওয়ার্ডে এবং কংগ্রেস পাঁচটি আসনে জিতেছে। পঞ্চকুলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১০টি আসনে জয় পেয়েছে পদ্মশিবির। শুধু পুরনিগম নয়, পুর কমিটি ও পুরসভাতেও পদ্মঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদার এলাকা সামপলা পুর কমিটির সভাপতির পদে জয় পেয়েছে বিজেপি। তবে, কংগ্রেস সামপালায় প্রার্থী দেয়নি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, আম্বালা পুরনিগমের মেয়র পদের লড়াইয়ে কংগ্রেসের কুলবিন্দর কউরকে ২১ হাজার ৩৫৮ ভোটে হারিয়েছেন বিজেপির অক্ষিতা সাইনি। পঞ্চকুলা পুরনিগমের মেয়র নির্বাচনে কংগ্রেসের সুধা ভরদ্বাজকে হারিয়েছেন বিজেপির শ্যামলাল বনশল। তৃতীয় স্থানে আপ প্রার্থী রাজেশ কুমার। 

Advertisement

সোনিপতেও মেয়র পদে জিতেছেন বিজেপির রাজীব জৈন। কংগ্রেসের কমল দেওয়ানকে তিনি ২৩ হাজার ২৪৭ ভোটে হারিয়েছেন। সামপলা পুর কমিটির সভাপতি পদের নির্বাচনে বিজেপি প্রার্থী প্রবীণ জিতেছেন ৬৮৭ ভোটে। ধারুহেরা পুর কমিটির সভাপতি পদে বিজেপির সত্যনারায়ণ ওরফে অজয় জাংরা নির্দল প্রার্থী বাবু লালকে ৬ হাজার ২৩৬ ভোটে হারিয়েছেন। তবে উকলানা পুর কমিটির সভাপতি পদের লড়াইয়ে নির্দল প্রার্থী রিমা সোনির কাছে হেরে গিয়েছেন বিজেপির নিকিতা গোয়েল। রেওয়ারি পুরসভার চেয়ারপার্সন নির্বাচনে বিজেপির বিনিতা পিপ্পাল ২১,৪৪৫ ভোটে কংগ্রেসের নিহারিকাকে হারিয়েছেন।  জয় নিশ্চিত হতেই বিজেপি কর্মী-সমর্থকরা মিষ্টি বিলি করতে শুরু করে দেন। এমন বিপুল জয়ে দলের কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। তিনি জানান, মানুষ ফের একবার নরেন্দ্র মোদি সরকারের নীতি ও কর্মসূচির উপর ভরসা রেখেছেন। কংগ্রেসকে ফের প্রত্যাখ্যান করেছেন সাধারণ মানুষ।  

Advertisement
সম্পর্কিত সংবাদ