নিজস্ব প্রতিনিধি, বরানগর: বিরাটি স্টেশনের কাছে রমরমিয়ে চলছিল জুয়া, সাট্টা, মদ ও গাঁজার ঠেক। বহু বছর ধরে চলা এইসব ঠেকে সমাজবিরোধী ও মদ্যপদের ভিড় লেগে থাকত। মাঝেমধ্যে পুলিশ পদক্ষেপ নিলেও সাট্টা ও নেশার ঠেকের কারবার দিনের পর দিন বাড়ছিল। মঙ্গলবার বিজেপির কর্মীরা একত্র হয়ে ওইসব অবৈধ ঠেক ভেঙে গুঁড়িয়ে দেয়। সাট্টার ঠেকের ভিতরে থাকা কাগজপত্র বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একাধিক মদের বোতল ভেঙে গুঁড়িয়ে দেয় তারা। স্থানীয়দের দাবি, বিরাটি স্টেশন সহ উত্তর দমদম ও আশপাশের এলাকায় সাট্টা কিং চৈতন্য সাহার নিয়ন্ত্রণে কারবার চালানো হয়। কোটি কোটি টাকার কারবারে নেতা, পুলিশ সহ প্রভাবশালীরা যুক্ত। কয়েক মাস আগে বিরাটির একটি সাট্টার ঠেকে হানা দিয়েছিল কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। সেখান থেকে কয়েক জনকে গ্রেপ্তার করার পাশাপাশি চৈতন্য সাহার নামে লিখিত অভিযোগ দায়ের করেছিল পুলিশ। তারপরও ব্যবসা বন্ধ হয়নি। বরং বেড়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় একদল বিজেপি কর্মী স্টেশন লাগোয়া ঠেকে হানা দিয়ে সেগুলি ভেঙে গুঁড়িয়ে দেয়। স্টেশন লাগোয়া দুটি সাট্টার ঠেক ও একটি মদের ঠেক তারা ভেঙে দেয়। বিজেপির উত্তর দমদম ৩ নম্বর মণ্ডলের সম্পাদক চন্দন সাহা বলেন, আমরা জানতে পেরেছি ঠেকগুলি চলত চৈতন্য সাহার অঙ্গুলিহেলনে। আগে যখন আমরা প্রতিবাদ করতে গিয়েছি মারধর করা হয়েছে। সুশাসন এসেছে রাজ্যে। তাই এবার আমরা ঠেকগুলি ভেঙে দিয়েছি।



