নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দীগ্রামে সমবায় ভোটে জিতেই তৃণমূলের ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনার জেরে রবিবার বিকেলে নন্দীগ্রাম-২ ব্লকের বিরুলিয়ায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিস। এদিন নন্দীগ্রাম-২ ব্লকের অধীন বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। ১২আসনে তৃণমূল ও বিজেপির দ্বিমুখী লড়াইয়ে সবকটি আসনে জয়ী হয় বিজেপি। ভোট চলাকালীন দু’পক্ষের মধ্যে উত্তেজনার পারদ চড়ছিল। ফল ঘোষণার পর নতুন করে হামলার আশঙ্কা তৈরি হচ্ছিল। সেইমতো পর্যাপ্ত বাহিনীও মজুত ছিল। বিকেলে ফল প্রকাশের পরই বিজেপি নেতা-কর্মীরা জয়ী প্রার্থীদের গেরুয়া আবির উড়িয়ে বিজয় মিছিল শুরু করে। সেই মিছিল এগিয়ে যাওয়ার সময় আচমকা তৃণমূলের ক্যাম্পে তেড়ে যায়। সেখানে বিজেপির লোকজন হামলা চালায় বলে অভিযোগ।
এদিন সমবায় সমিতির মোট ১২টি আসনে ভোটার ছিলেন ৯৬৯জন। তাঁদের মধ্যে ভোট দিয়েছেন ৮১৮জন। বিরুলিয়া পঞ্চায়েতের অধীন বরাচিরা পিবি হাইস্কুলে ভোট হয়। বেলা ২টোয় ভোট শেষ হওয়ার পর মধ্যাহ্নভোজন শেষে গণনা শুরু হয়। গণনার শুরু থেকেই উত্তেজনা বাড়ছিল। ভোটগ্রহণ কেন্দ্রের সামনে তৃণমূলের ক্যাম্প ছিল। কিছুটা দূরে বিজেপির ক্যাম্প। গণনা চলাকালীন মাঝমধ্যে বিজেপির লোকজন তৃণমূলের ক্যাম্পের সামনে গিয়ে কটূক্তি করে বলে অভিযোগ। তাঁদের টার্গেটে ছিলেন বিরুলিয়া পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী এবং তৃণমূলের ব্লক মহিলা সংগঠনের সভানেত্রী পুষ্পিতা গিরি। তাঁকে উদ্দেশ্য করে নানারকম অশ্লীল মন্তব্য ভেসে আসছিল। বিকেল ৪টে নাগাদ ভোটের ফল প্রকাশ হতেই জয়ী প্রার্থীদের নিয়ে মিছিল করেন বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির জেলা সহ সভাপতি প্রলয় পাল, জেলা পরিষদের সদস্য অরূপ জানা প্রমুখ মিছিলের সামনে ছিলেন। সেই মিছিল গণনাকেন্দ্র থেকে বেরিয়ে তৃণমূলের ক্যাম্পের পাশে আসামাত্র উত্তেজনা তুঙ্গে ওঠে। অভিযোগ, বিজেপির লোকজন ক্যাম্পে শাসকদলের পতাকা খুলে মহিলা নেত্রীকে অশ্লীল গালিগালাজ করেন। তৃণমূলের ক্যাম্পে থাকা শাসকদলের নেতা-কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিস পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে। বিজেপির লোকজনকে তাড়া করলে তারা ছুটে পালায়। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম-২ ব্লক সভাপতি সুনীল জানা বলেন, বিজেপি জয়ী হতেই বিজয় মিছিল করে আমাদের ক্যাম্পে এসে হামলা চালায়। মহিলা নেত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। ভোটগ্রহণের সময় থেকেই উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল। ভোটে জিততেই পরিকল্পনা করে এই ঘটনা ঘটায়। বিজেপির জেলা সহ সভাপতি প্রলয় পাল বলেন, ফল ঘোষণার পর সামান্য উত্তেজনা তৈরি হয়েছিল। কোনও হামলা চালানো হয়নি। আমি মিছিলের সামনে ছিলাম।