Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শুধু তৃণমূল নয়, বিজেপিও ভূতুড়ে ভোটার ধরতে নেমেছে মেদিনীপুরে

শুধু তৃণমূল নয়, বিজেপিও ভূতুড়ে ভোটার ধরতে নেমেছে মেদিনীপুরে
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই ভূতুড়ে ভোটার ধরল বিজেপি। রবিবার বিজেপির জেলা কার্যালয়ে এক ভোটারের দু’টি ঠিকানায় থাকা ভোটার কার্ড প্রকাশ করা হয়। বিজেপির অভিযোগ, রাজীব মান্না নামে এক ব্যক্তির মেদিনীপুরের পাশাপাশি কেশপুরের ঠিকানায় ভোটার কার্ড রয়েছে। অর্থাৎ চাইলেই দুই জায়গায় ভোট দিতে পারবেন রাজীববাবু। তিনি তৃণমূলের শিক্ষক নেতা বলেও পরিচিত। বিজেপির অভিযোগ, ভোট এলেই ভূতুড়ে ভোটারদের কাজে লাগায় তৃণমূল। এই পদ্ধতিতেই ভোট বাড়ছে ঘাসফুল বাহিনীর।

Advertisement

জানা গিয়েছে, রাজীব মান্না শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি বলেন, আমি আগে কেশপুর এলাকায় থাকতাম। বর্তমানে মেদিনীপুর শহরে থাকি। কেশপুরের ভোটার কার্ডটি ক্যান্সেল করেছি। এদিন জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুছাইত ও জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। এই ভূতুড়ে ভোটাররাই তৃণমূলের সম্পদ। এদিকে তৃণমূল ভূতুড়ে ভোটার খুঁজতে ময়দানে নেমেছে। তৃণমূল নেতৃত্বের একাংশের দাবি, ভোটার লিস্টের ভিতরে ভুয়ো ভোটার রয়েছে। এর সুবিধা তুলবে বিরোধী শিবির। অনেকে মারা গেলে অথবা অন্যত্র চলে গেলেও ভোটার তালিকায় সেই নাম থেকে যাচ্ছে। প্রতিটা নির্বাচনে বুথগুলোতে প্রায় ১০ শতাংশ এমন মানুষের নাম ভোটার তালিকায় দেখা গিয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল নেতৃত্ব ভুয়ো ভোটার ধরতে রাস্তায় নেমেছে। তবে বিজেপিও তলে তলে ভুয়ো ভোটার ধরা শুরু করেছে। ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভা এলাকায় ভোটার তালিকা পাঠিয়েছে বিজেপি। অপরদিকে, এদিন মেদিনীপুর পুরসভা এলাকাতেও জনপ্রতিনিধিরা ভোটার তালিকা মিলিয়ে দেখতে আসরে নামেন। নির্বাচনের আগে দুই প্রতিপক্ষই চাইছে ভূতুড়ে ভোটার সরিয়ে নিজেদের ভোটের মার্জিন বাড়াতে। এক তৃণমূল নেতা বলেন, বিজেপির বহু  নেতা কর্মীর মধ্যেও ভূতুড়ে ভোটার কার্ড পাওয়া যাবে। বাইরের রাজ্যের মানুষের ভোটার কার্ড আছে কি না, তা দেখা হচ্ছে। এক বিজেপি নেতার কথায়, মানুষ মারা গেলেও ভোটার কার্ড অ্যাকটিভ থাকছে। এবারের নির্বাচনেও এই মৃত ভোটারদের কাজে লাগাবে তৃণমূল।  জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মহম্মদ রফিক বলেন, আমাদের ভূতুড়ে ভোটার লাগে না। উন্নয়নের শক্তিই যথেষ্ট। বিজেপির কাজ নেই, তাই ভূতুড়ে ভোটার পেয়েই সন্তুষ্ট থাকুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ