লখনউ: গুদাম থেকে বের হচ্ছে ৫০ কেজির গমের বস্তা। আর রেশন ডিলারদের কাছে পৌঁছানোর সময় তার ওজন বেড়ে দাঁড়াচ্ছে ৫২-৫৩ কেজি। ভূতুড়ে কোনো কাহিনি নয়, এমনই অভিনব দুর্নীাতির শিকার হয়ে উত্তরপ্রদেশের বাগপত জেলায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অন্তত ৪০ জন রেশন ডিলার। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে খাদ্য দপ্তর। বাগপত জেলায় ৩৭৬টি রেশন দোকানের মাধ্যমে প্রতিমাসে দু’লক্ষ চার হাজার রেশন কার্ডধারী এবং প্রায় ৯ লক্ষ ১৭ হাজার সুবিধাভোগীকে খাদ্যশস্য দেওয়া হয়। রেশন ডিলাররা জানাচ্ছেন, চামরাডাল রোডে অবস্থিত গুদাম থেকে বেরনোর সময় ট্রাকবোঝাই রেশন সম্পূর্ণ শুকনো থাকে। তবে তাঁরা যখন সেই রেশন পান তখন বস্তা থাকে ভিজে। একটি ট্রাকে ২০০-৪০০টি বস্তা থাকে। তাই প্রতি ট্রাকের ওজন ৪ থেকে ৮ কুইন্টাল বেড়ে যায়। সেই আর্থিক ক্ষতি তাঁদেরই বহন করতে হয়।



