নয়াদিল্লি: মধ্যপ্রদেশের নদী এবং কর্ণাটকের জঙ্গল সাফ করে এবার নজর কেড়েছেন সুরেন্দ্র সিং ওরফে বিট্টু তবহি। এবার দিল্লিতে যমুনা নদী থেকে ৫৮৫ কেজি আবর্জনা সাফ করে নজির গড়লেন তিনি। ওয়ার্ল্ড ক্লিন আপ ডে উপলক্ষ্যে ২০ সেপ্টেম্বর যমুনা সাফাইয়ের অভিযান শুরু করেন বিট্টু। তাঁর সঙ্গে হাত লাগান স্থানীয়রাও। ইনস্টাগ্রামে সেই অভিযানের ভিডিয়ো পোস্ট করেছেন বিট্টু। তাতে দেখা যাচ্ছে, বিট্টু এবং অন্য স্বেচ্ছাসেবকরা নদী থেকে তুলে আনছেন প্লাস্টিক, ফুল, মালার কাঠ এবং অন্যান্য সরঞ্জাম। এই নিয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘২০ সেপ্টেম্বর ছিল ওয়ার্ল্ড ক্লিনআপ ডে। সাড়ে চার ঘণ্টায় যমুনা থেকে আমরা সবাই মিলে ৫৮৫ কেজি আবর্জনা তুলে আনলাম।’ তাঁর পরবর্তী লক্ষ্য গুরুগ্রামের খেড়কি দৌলা।



