Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে বিশ্ববাংলা সরণি ভরেছিল খানা-খন্দে, হল প্যাচওয়ার্কের কাজ

দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরে উঠেছিল রাস্তা। গুরুত্বপূর্ণ বিশ্ববাংলা সরণির একাধিক জায়গায় তৈরি হয়েছিল ‘মরণফাঁদ

নিউটাউনে বিশ্ববাংলা সরণি ভরেছিল খানা-খন্দে, হল প্যাচওয়ার্কের কাজ
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরে উঠেছিল রাস্তা। গুরুত্বপূর্ণ বিশ্ববাংলা সরণির একাধিক জায়গায় তৈরি হয়েছিল ‘মরণফাঁদ’। এই খানা-খন্দের জেরে দুর্ঘটনার মুখে পড়ে একটি গাড়ি। জখম হয়েছিলেন ৩ জন। অবশেষে নিউটাউনের বিশ্ববাংলা সরণির খানা-খন্দ বোজাতে প্যাচওয়ার্কের কাজ হল। বিটুমিন দিয়ে গর্ত ভরাট করা হয়েছে। এরপর সাময়িক সুরাহা মিলেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সম্পূর্ণ রাস্তা ঠিকঠাক মেরামত করার প্রয়োজন। না হলে কিছুদিনের মধ্যে ফের বেহাল অবস্থা হবে।

Advertisement

কলকাতার সঙ্গে এয়ারপোর্টের যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা হল বিশ্ববাংলা সরণি। প্রতিদিন গাড়ির চাপ থাকে। অসংখ্য রুটের বাস চলে। ডানলপের দিক থেকে ছোটো গাড়িতে প্রতিদিন কয়েকশো আই টি কর্মী যাতায়াত করেন। এছাড়াও সরকারি ও বেসরকারি অফিস আছে। ফলে বহু মানুষ যাতায়াত করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিটি সেন্টার-২ থেকে কলকাতামুখী রাস্তায় নজরুল তীর্থের আগে পর্যন্ত বিশ্ববাংলা সরণির একাধিক জায়গায় খানা-খন্দ তৈরি হয়েছিল। কোথাও পরপর গর্ত তৈরি হয়েছিল। বৃষ্টির পর জল জমে তা বিপজ্জনক চেহারা নিত।  বিশ্ববাংলা সরণি চওড়া এবং মসৃণ রাস্তা। রাস্তার বেশিরভাগ অংশ ভালো। ফলে হঠাৎ করে কিছু জায়গা বেহাল হওয়ায় বিপদ আরও বাড়ছিল। গত বুধবার চিনারপার্কের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাওয়া একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। প্রত্যক্ষদর্শীদের কথায়, গর্তে চাকা পড়ে গাড়ি খেলনার মতো উড়ে গিয়ে ডিভাইডারের রেলিং টপকে ভিতরে গিয়ে পড়ে। তিনজন জখম হন।

Advertisement
সম্পর্কিত সংবাদ