নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি। অথচ আস্ত একটি চারচাকা গাড়ি খেলনার মতো উড়ে গিয়ে রেলিং টপকে পড়েছিল ডিভাইডারের ভিতর। বুধবার দুপুরে নিউটাউনে এই দুর্ঘটনা ঘটেছিল। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিউটাউনের বহু রাস্তার খারাপ অবস্থা। বিশ্ববাংলা সরণির একাধিক জায়গায় বড়ো বড়ো গর্ত তৈরি হয়েছে। তাঁদের দাবি, গর্তে চাকা পড়ার ফলেই উড়ে গিয়েছিল গাড়িটি। বিশ্ববাংলা সরণির বেশিরভাগ অংশ ভালো। মাঝে মাঝে হঠাৎ করে গর্ত। তাতে দুর্ঘটনার আশঙ্কা সবথেকে বেশি। রাস্তা ভালো ভেবে নিশ্চিন্তে গাড়ি চালান চালকরা। হঠাৎ গর্তে চাকা পড়লেই ঘটে বিপত্তি। বিশ্ববাংলা সরণি গুরুত্বপূর্ণ রাস্তা। কলকাতা থেকে এয়ারপোর্টগামী অসংখ্য গাড়ি, বাস যাতায়াত করে। প্রতিদিন কয়েক হাজার আই টি কর্মী যাতায়াত করেন। অফিস যাত্রীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। গত তিন-চারমাস ধরে রাস্তাটি বিপজ্জনক হয়ে উঠেছে। কারণ একাধিক জায়গায় তৈরি হয়েছে নানা আকৃতির গর্ত। বৃষ্টি হলে সেই গর্তে জল জমে। বিপদ আরও বাড়ে। প্রশাসন সূত্রে খবর, গর্ত ভরাটের জন্য প্যাচওয়ার্কের কাজ করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে বলেছিল। কিন্তু এখনও মেরামত হয়নি বলে অভিযোগ। বুধবারের দুর্ঘটনায় চালক সহ তিনজন জখম হন। বরাত জোরে বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সকলে। গাড়িটি চিনারপার্কের দিক থেকে বিশ্ববাংলা গেটের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডিভাইডারের রেলিং টপকে ভিতরে ঢুকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের কথায়, খেলনা গাড়ির মতো উড়ে গিয়েছিল গাড়িটি। নিউটাউনের স্থানীয় বাসিন্দাদের দাবি, শহরের ভিতরের রাস্তায় গাড়ির চাপ কম। তাই আগে বিশ্ববাংলা সরণির সংস্কার হোক। প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। -নিজস্ব চিত্র



