নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিল্লির এইমসে বুকে পেসমেকার বসেছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। হাসপাতাল থেকে ছুটি পেয়েছিলেন দিনকয়েক আগেই। কিন্তু একেবারে চেক আপ করে ফিরবেন বলে দিল্লিতেই ছিলেন। বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরেছেন। আলিমুদ্দিন সূত্রে খবর, বিমান বসু এই মুহূর্তে ভালো আছেন।
এদিনই বিমান বসুকে দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার্তা নিয়ে আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনে পৌঁছান তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সন্ধ্যায় তিনি আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে সাক্ষাত্ করেন। কুণালবাবু বলেন, ‘আমি আলিমুদ্দিনে গিয়ে মহম্মদ সেলিম ও অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করি। বেশ কিছুক্ষণ কথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে বিমান বসুকে দেওয়া শুভেচ্ছা বার্তাটি তাঁদের হাতে তুলে দিই। মমতা বন্দ্যোপাধ্যায় বিমানদার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।’ যদিও চিকিত্সকদের পরামর্শে সংক্রমণ এড়াতে বিমানবাবুকে ফুল দেওয়া যায়নি।