নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঝাড়খণ্ডের বিতর্কিত দলীয় এমপি নিশিকান্ত দুবেকে নিয়ে বিপদে বিজেপি শীর্ষ নেতৃত্ব। নিশিকান্তের বেফাঁস মন্তব্য নতুন কিছু নয়। একাধিকবার তিনি বিতর্কে জড়িয়েছেন। মহুয়া মৈত্রর সঙ্গে তাঁর সংঘাত ছিল সাম্প্রতিকতম। বিরোধীদের টার্গেট করতে গিয়ে তিনি রাজনীতির শিষ্টাচার লঙ্ঘন করেন বলে অভিযোগ। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এনডিএ জোটের সংসদীয় বৈঠকে নিশিকান্ত দুবের প্রশংসা করেছিলেন। বলেছিলেন, সংসদে উপস্থিতি অথবা বিভিন্ন বিতর্ক ও আলোচনায় অংশ গ্রহণে দুবে বিশেষ প্রশংসা পাওয়ার দাবি রাখেন। এবার এহেন নিশিকান্ত দুবে ওড়িশার রাজনৈতিক মহলে চরম আলোড়ন তুলেছেন বিতর্কিত মন্তব্য করে। সোমবার থেকেই চলছে এই চাঞ্চল্য। বিজু জনতা দলকে সিআইএ এবং নেহরুর মধ্যস্থতাকারী বলেন তিনি।



