Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বড় জয় ব্রাজিল, জার্মানির

আগামী ১১ জুন ঢাকে কাঠি পড়ছে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো।

বড় জয় ব্রাজিল, জার্মানির
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রিও ডি জেনেইরো: আগামী ১১ জুন ঢাকে কাঠি পড়ছে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। আর ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে অভিযান শুরু করবে ব্রাজিল। তার আগে রবিবার পানামার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন ভিনিসিয়াসরা। রিও ডি জেনেইরোর ঐতিহ্যের মারাকানা স্টেডিয়ামে ৬-২ ব্যবধানে জয় পেল কার্লো আনসেলোত্তি ব্রিগেড। ম্যাচে স্কোরশিটে নাম তোলেন ছ’জন ভিন্ন ফুটবলার। বিশ্বকাপের আগে যা অবশ্যই ইতিবাচক দিক হিসেবে দেখছেন ব্রাজিল কোচ।

Advertisement

ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়াস ও কাসেমিরোর গোলে লিড নেয় সেলেকাওরা। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে গোলরক্ষক বাদে দলের সব ফুটবলারকে পরিবর্তন করেন কোচ আনসেলোত্তি। তাতে অবশ্য দলের খেলায় কোনও প্রভাব পড়েনি। বরং এই পর্বে অনেক বেশি আক্রমণাত্মক দেখায় পেলের দেশকে। বিরতির পর স্কোরশিটে নাম তোলেন রায়ান, লুকাস পাকুয়েতা, ইগর থিয়াগো ও ডানিলো। বিপক্ষকে ছয় গোলের মালা পরালেও, ম্যাচে দু’বার পরাস্ত হতে হয়েছে ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকারকে। যা অবশ্যই আগামী ম্যাচের আগে চিন্তায় রাখবে আনসেলোত্তিকে। আগামী রবিবার মিশরের বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
দিনের অপর ম্যাচে ফিনল্যান্ডকে চার গোলের মালা পরাল জার্মানি। জোড়া গোল ড্যানিজ উনদেভের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ফ্লোরিয়ান রিৎজ ও জামাল মুসিয়ালা। আসন্ন বিশ্বকাপের অন্যতম ফেভারিট চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশেষ করে শেষ দুই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর এবার ভালো কিছু করতে মরিয়া নাগেলসম্যানের ছেলেরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ