Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে বড়ো রদবদল সিএমওতে

আজ সোমবার নবান্ন সভাঘরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

আজ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের আগে বড়ো রদবদল সিএমওতে
  • ১১ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ সোমবার নবান্ন সভাঘরে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে রবিবার ছুটির দিনে মুখ্যমন্ত্রীর সচিবালয় (সিএমও) নতুন করে গঠন করতে উদ্যোগী হল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর সচিবালয়ে বিভিন্ন পদে আইএএস এবং ডব্লুবিসিএস মিলিয়ে মোট ৯ জন আধিকারিককে বদলি করা হল। বিভিন্ন জেলা থেকে বেশ কয়েকজন আধিকারিককে আনা হল সিএমওতে।  দুজন  আইএএস আধিকারিকই যুগ্মসচিব পর্যায়ের। নবনীত মিত্তাল পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক ছিলেন। পি প্রমথ ছিলেন ছোটো ও ক্ষুদ্র শিল্প দপ্তরের যুগ্মসচিব। 

Advertisement

সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে ৭ জন ডব্লুবিসিএস আধিকারিকে বদলি করা হয়েছে। এঁদের মধ্যে আছেন ডায়মন্ডহারবারের এসডিও অয়ন দত্ত, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি রাজর্ষি নাথ, পূর্ব মেদিনীপুরে কর্মরত আরো এক আধিকারিক দীপ ভাদুড়ী। মমতা জমনায় সিএমওতে কর্মরত ১৬ জন ডব্লুবিসিএস আধিকারিককে শনিবারই বদলি করা হয়েছে। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে তাঁদের রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরে পূর্ববর্তী সরকারের মন্ত্রীদের ব্যক্তিগত সচিব পদে কাজ করা মোট ৪৬ জন ডব্লুবিসিএস অফিসারকেও শনিবার বদলি করা হয়েছে। 
রবিবারই জারি করা এক নির্দেশে সিএমওর অন্যতম সহসচিব পবিত্র চক্রবর্তীকে কোচবিহারে উত্তরবঙ্গ পরিবহণের সদর দপ্তরে বদলি করা হয়েছে। সচিবালয় থেকে অন্য শ্রেণির অফিসে বদলির এই ব্যবস্থাকে ‘ডিটেইলমেন্ট’ বলা হয়। এই ব্যবস্থায় শনিবার সিএমওর আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট প্রতাপ নায়েককে দার্জিলিং জেলার একটি ব্লক অফিসে বদলি করা হয়। প্রতাপবাবু তৃণমূল কংগ্রেস প্রভাবিত রাজ্য সরকারি কর্মী সংগঠনের শীর্ষ নেতা। সিএমওতে অদূর ভবিষ্যতে আরো রদবদল হতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।
অন্যদিকে, রবিবার নবান্ন চত্বরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, কলকাতা পুলিশের সিপি অজয় নন্দা ও হাওড়ার সিপি অখিলেশকুমার চতুর্বেদী সহ উচ্চপদস্থ কর্তারা। নবান্নের মূল ভবন ও সভাঘরের নিরাপত্তা কলকাতা পুলিশের অধীনস্ত। আশপাশের রাস্তা ও এলাকার নিরাপত্তা হাওড়া পুলিশ কমিশনারেটের আওতাধীন। এদিন নবান্ন সভাঘরের নিরাপত্তা খতিয়ে দেখেন কলকাতার সিপি।

সম্পর্কিত সংবাদ