নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের শুরু হতে চলেছে স্কুল পড়ুয়াদের সাইকেল বিলি। পূর্বতন সরকারের ‘সবুজসাথী’ প্রকল্পের যেসব সাইকেল জেলায় জেলায় পড়ে আছে, সেগুলি বিলি করার পরই নতুনভাবে বাকি সাইকেল দেওয়া শুরু করবে বিজেপি সরকার। ভোটের আগে তৃণমূল সরকার দ্বাদশ দফার সাইকেল বণ্টনের প্রক্রিয়া শুরু করেছিল। কিছু সাইকেল বিলির পরই ভোট ঘোষণা হয়। তারপর সেসব আর দেওয়া যায়নি। ফলে বেশ কিছু সাইকেল পড়েছিল বিভিন্ন ব্লক অফিসে। নতুন সরকার গঠনের পর এখন সেই বিলি না হওয়া সাইকেল বণ্টনের প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে তাদের। কারণ, এই সরকার ‘সবুজসাথী’ প্রকল্পের নাম বদলে ‘সারথি’ করেছে। রীতিমতো অনুষ্ঠানের মাধ্যমে সাইকেল বণ্টনের প্রক্রিয়া শুরু করতে চাইছে রাজ্য। আগামী সপ্তাহে এক লক্ষ সাইকেল বিলি করার মাধ্যমে এর সূচনা হবে। তারপর যখন যেমন সাইকেল আসবে, সেভাবেই বণ্টন হবে। জেলাগুলির সঙ্গে এ ব্যাপারে বৈঠকও করেছে রাজ্য। ইতিমধ্যে জেলায় জেলায় নতুন সাইকেলের যন্ত্রাংশ এসে গিয়েছে। ‘ফিটিং’ করা হচ্ছে। জানা গিয়েছে, নতুন সাইকেলগুলি দেখতে কেমন হবে, তা আগেই ঠিক করে ফেলেছিল সরকার। এতদিনের নীল রঙের বদলে সাইকেলে থাকবে গেরুয়া ছোঁয়া। পুরানো সাইকেল যেগুলি বিলি করা হচ্ছে, তাতে আগে থেকেই ‘সবুজ সাথী’ লোগো আটকানো ছিল। তার উপর ‘সারথি’র স্টিকার আটকে দেওয়া হয়েছে। জেলাগুলিকে এই সপ্তাহের মধ্যেই পুরানো সাইকেল বণ্টনের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে।



