Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ভ্যালেন্সিয়াকে সাত গোল বার্সার

ভ্যালেন্সিয়াকে সাত গোল বার্সার
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মাদ্রিদ: চার ম্যাচ পর লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। রবিবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়াকে সহজেই বশ মানায় হান্স ফ্লিকের ছেলেরা। ম্যাচে ৭-১ গোলে জিতল কাতালন ক্লাবটি। জোড়া গোলে নায়ক ফারমিন লোপেজ। এছাড়া বার্সার হয়ে জাল কাঁপান যথাক্রমে ফ্র্যাঙ্কি ডে জং, ফেরান তোরেস, রাফিনহা ও রবার্ট লিওয়ানডস্কি। অপর গোলটি সিজার তারেগার আত্মঘাতী। ভ্যালেন্সিয়ার হয়ে ব্যবধান কমান হুগো ডুরো। এই জয়ের সুবাদে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে বার্সেলোনা। পরপর পয়েন্ট নষ্টের পর অবশেষে লিগের লড়াইয়ে দল জয়ে ফেরায় খুশি কোচ ফ্লিক।
Advertisement
এদিকে, রিয়াল মাদ্রিদ জার্সিতে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন কিলিয়ান এমবাপে। শনিবার অ্যাওয়ে ম্যাচে ভায়াডলিডকে ৩-০ ব্যবধানে হারাল কার্লো আনসেলোত্তি ব্রিগেড। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট সংগ্রহ করে লিগের মগডালে তারা। কার্ড সমস্যায় দলে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। তবে ব্রাজিলিয়ান উইঙ্গারের অভাব ঢেকে দেন এমবাপে। রিয়াল জার্সিতে ৩১তম ম্যাচে প্রথম হ্যাটট্রিকের পর ফরাসি তারকা জানান, ‘দলের জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। শীর্ষস্থান পোক্ত করতে তিন পয়েন্ট জরুরি ছিল। সেই কথা মাথায় রেখেই মাঠে নেমেছিলাম। হ্যাটট্রিক করে অবশ্যই ভালো লাগছে। তবে তার থেকেও বেশি তৃপ্তির এই জয়।’ কোচ আনসেলোত্তির মন্তব্য, ‘নতুন জায়গায় মানিয়ে নিতে প্রতিটি ফুটবলারের সময় লাগে। তবে এমবাপে কখনও নিজের জন্য খেলেনি। একজন টিম ম্যান হিসেবেই নিজেকে মেলে ধরছে। আমি নিশ্চিত, এই হ্যাটট্রিক আগামী দিনে ওকে আরও ভালো খেলতে সাহায্য করবে। আর তাতে লাভবান হবে দল।’

বার্সেলোনা- ৭      :    ভ্যালেন্সিয়া- ১
ভায়াডোলিড- ০  :  রিয়াল মাদ্রিদ- ৩
Advertisement
সম্পর্কিত সংবাদ