মেলবোর্ন, ২৯ ডিসেম্বর: ভারতে তথা বিশ্বে এই মুহূর্তে সেরা পেসারদের তালিকায় শীর্ষস্থানেই রয়েছেন যশপ্রীত বুমরাহ। টেস্ট থেকে টি-২০, ক্রিকেটের সব ফরম্যাটেই তাঁর দুরন্ত বোলিংয়ের সামনে কুপোকাত হন বড় বড় ব্যাটার। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলছে ভারত। আর সেই টেস্টেই মেলবোর্নের মাঠে বুমরাহ গড়লেন রেকর্ড। দ্রুততম ভারতীয় পেসার হিসেবে টেস্টে ২০০ উইকেটের গণ্ডি পেরোলেন তিনি। একই সঙ্গে গোটা বিশ্বে একমাত্র বোলার হিসেবে কুড়ির নীচে গড় রেখে ২০০ উইকেট তুলে নিয়েছেন বুমরাহ। আজ, রবিবার বুমরাহ’র ২০০ তম শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড। মাত্র ৪৪টি টেস্ট খেলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। এর আগে ভারতীয় পেসারদের মধ্যে ৫০টি টেস্ট খেলে ২০০টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন কপিল দেব। এদিন সেই রেকর্ড ভেঙে দিয়েছেন যশপ্রীত বুমরাহ। যদিও ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের। ৩৭টি টেস্ট খেলে এই রেকর্ড গড়েছেন অশ্বিন। বুমরাহ’র মতোই ৪৪টি টেস্ট খেলে ২০০ উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। তবে বুমরাহ’র ক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল, ২০০ উইকেটের মাইলফলক যে গড় বজায় রেখে তিনি ছুঁয়েছেন, সেটা সর্বকালের সেরা বোলারদেরও হার মানাচ্ছে। ১৯.৫৬ গড়ে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। এর আগে ২০০ উইকেট নেওয়ার সময়ে ম্যালকম মার্শালের গড় ছিল ২০.৯।
Advertisement



