অ্যাডিলেড: অস্ট্রেলিয়া সফর মানেই বিরাট কোহলির কাছে বিপুল প্রত্যাশা। ডনের দেশে তাঁর রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়। অজি ব্রিগেডও তাঁক বরাবর মেপে চলেন। চলতি সিরিজের প্রথম ম্যাচেও সেই খ্যাতির মর্যাদা রেখে সেঞ্চুরি হাঁকিয়েছেন ভিকে। তবে অ্যাডিলেডে গোলাপি টেস্টে চূড়ান্ত ব্যর্থ তিনি। দুই ইনিংস মিলিয়ে করেছেন ১৮। শনিবার ব্রিসবেন টেস্টে চেনা ছন্দে ফিরতে নেটে দীর্ঘ অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখলেন বিরাট, যা আশাবাদী করে তুলেছে হরভজন সিংকে। প্রাক্তন তারকা অফস্পিনার বলেন, ‘ও প্রধানত ফ্রন্টফুটের খেলোয়াড়। কিন্তু গাব্বার উইকেটে পেস ও বাউন্স দুটোই থাকে। ভারতীয় ব্যাটারদের বাউন্সারের জন্য তৈরি থাকতে হবে। সেটা আন্দাজ করেই নেটে ব্যাকফুটে জোর দিতে দেখলাম বিরাটকে। ফুল লেংথ ডেলিভারির ক্ষেত্রেই কেবলমাত্র সামনের পায়ে আসছিল। বাকি বলগুলি হয় ছাড়ছিল, না হয় পিছনের পায়ে শট খেলছিল। এটা খুবই ইতিবাচক লক্ষ্মণ।’ সেই সঙ্গে ভাজ্জির সংযোজন, ‘সিরিজে ভারতকে লিড নিতে হলে ব্যাট হাতে ফের নেতৃত্ব দিতে হবে বিরাটকেই।’
Advertisement
ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্ট জেতার জন্য ফর্মুলাও বাতলে দিয়েছেন প্রাক্তন অফ-স্পিনার। ভাজ্জির মন্তব্য, ‘জিততে গেলে বড় পার্টনারশিপ চাই। পারথে দ্বিতীয় ইনিংসে লোকেশ ও যশস্বীর ওপেনিং জুটি চালকের আসনে বসিয়েছিল ভারতকে। সেই ছন্দ বজায় রাখা জরুরি।’ তাঁর সংযোজন, ‘বোলারদেরও সঠিক লাইন আঁকড়ে ধরতে হবে। ট্রাভিস হেড সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। অফ স্টাম্পে দারুণ শক্তিশালী। বুমরাহদের উচিত, ওকে লেগ স্টাম্পে বেশি খেলানো। সঙ্গে লাগাতার বাউন্সার দিতে হবে। কারণ, শর্টপিচ ডেলিভারিতে ও স্বচ্ছন্দ নয়।’ অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে হরভজন বলেন, ‘ওকে ওপেনিংয়ে ফেরার পরামর্শ দিয়েছেন সানি ভাই। তবে আমার মত ভিন্ন। এই মুহূর্তে রোহিতের ছয় নম্বরেই ব্যাট করা উচিত। দীর্ঘদিন রানের মধ্যে নেই। তাই ওপেন করাটা রোহিতের পক্ষে রীতিমতো ঝুঁকিপূর্ণ।’



