Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সেজেছে ভবানীপুর, আজ মনোনয়ন মমতার , ঘরে ঘরে প্রচারে সুর চড়াচ্ছেন অরূপ-ববিরা

আজ, বুধবার মনোনয়ন পেশ করবেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেজেছে ভবানীপুর, আজ মনোনয়ন মমতার , ঘরে ঘরে প্রচারে সুর চড়াচ্ছেন অরূপ-ববিরা
  • ৮ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার মনোনয়ন পেশ করবেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর মনোনয়ন ঘিরে ইতিমধ্যেই সেজে উঠেছে হাজরা থেকে আলিপুরের গোপালনগরে সার্ভে বিল্ডিং পর্যন্ত রাস্তা। দলীয় সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে, বুধবার সকাল ১০টা বেজে ৩৫ মিনিটের মধ্যে মনোনয়ন দাখিল করার কথা তৃণমূল সুপ্রিমোর। মমতা মনোনয়ন-পর্বে বিশাল মিছিলের আয়োজন হচ্ছে ভবানীপুরে। পাশাপাশি, ভবানীপুর এলাকার মিশ্র ভাষাভাষী, একাধিক ধর্মীয় সম্প্রদায়ের কথা মাথায় রেখে এবার তাঁর মনোনয়ন পত্রেও থাকছে সেই বহুত্বের প্রতিফলন।

Advertisement

ভবানীপুর বিধানসভার অন্তর্গত ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মেয়র ফিরহাদ হাকিম। মঙ্গলবার সকালে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চেতলা লকগেট এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। ভোট প্রার্থনা করেন ববি। পাশাপাশি, এদিন তিনি নিজের বন্দর কেন্দ্রেও বাড়ি বাড়ি প্রচার সারেন। হাইড রোডের টিনা খোলি বাজার থেকে কোল বার্থ রোড পর্যন্ত পায়ে হেঁটে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ করেন ফিরহাদ। অন্যদিকে, ঘরোয়া প্রচার সারেন টালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস। আজ, বুধবার বেলায় আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়নপত্র দাখিল করবেন অরূপও।
দলীয় সূত্রে খবর, কালীঘাটের বাড়ি থেকে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন পেশ করতে যাবেন মমতা। তার আগেই দলের কাউন্সিলাররা কর্মী-সমর্থকদের নিয়ে জমায়েত করবেন নেত্রীর বাড়ির সামনে। ভবানীপুরে যেমন রয়েছে চেতলা অঞ্চলের (৮২ নম্বর ওয়ার্ড) মতো বাঙালি প্রভাবিত এলাকা, তেমনই আছে কলকাতা পুরসভার ৭০, ৭১, ৭৩ নম্বর ওয়ার্ড। এসব এলাকায় গুজরাতি, পাঞ্জাবি, মাড়োয়ারি সম্প্রদায়ের দীর্ঘদিনের বসবাস। আছেন জৈন ধর্মের অনুসারী অনেক মানুষ। আবার ৭৭ নম্বর ওয়ার্ডে ইসলাম ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি। বিহার, ঝাড়খণ্ডের হিন্দিভাষী বহু মানুষও থাকেন এখানে। সবটা নিয়েই ভবানীপুর বিধানসভা কেন্দ্র, যা তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক, আক্ষরিক অর্থেই ‘মিনি ভারত’। এবার তাঁর মনোনয়নপত্রে প্রস্তাবকদের তালিকায় ফুটে উঠবে সম্প্রীতির প্রতিচ্ছবি। নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্রে প্রস্তাবক হিসাবে কয়েকজনের স্বাক্ষর প্রয়োজন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরতে চাইছেন তাঁর কেন্দ্রের ‘মিশ্র’ চরিত্র। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর প্রস্তাবক হিসাবে স্বাক্ষর করবেন ফিরহাদ হাকিমের স্ত্রী রুবি হাকিম। ৭১ নম্বর ওয়ার্ডে তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট বাবলু সিং ও ভবানীপুর এডুকেশন সোসাইটির মীরজ শাহ। রাজনৈতিক মহলের মতে, বিভাজনের রাজনীতি চাপিয়ে দেওয়ার এই পর্বে মমতার মনোনয়নপত্র যথেষ্ট বার্তাবহ। একাধারে বাংলা-বাঙালি আবেগ ও বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের ধারা, দুটোকেই সম্মান জানাতে সচেষ্ট মমতা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ