সংবাদদাতা, কান্দি: একই গ্রামে, একই জায়গা থেকে প্রায় দু’বছরের মধ্যে তিনবার বোমা উদ্ধার হল। মঙ্গলবার ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর গ্রামে ফের বোমা উদ্ধার হয়। ওই এলাকায় মাটি খুঁড়ে ১৬টি বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। স্থানীয়দের দাবি, ময়ূরাক্ষীর বেআইনি বালিঘাটের দখল নিয়ে গ্রামে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। তার জেরে একাধিক খুনের ঘটনাও ঘটেছে। গ্রামবাসীরা এনিয়ে কড়া পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় কয়েকজন গ্রামের কবরস্থানের কাছে কয়েকটি বোমা পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ সেই জায়গাটি ঘিরে রাখে। এদিন সকালে ওই এলাকায় তল্লাশি চালালে মাটি চাপা দেওয়া বোমাভর্তি জারিক্যান বাজেয়াপ্ত হয়। এরপর বম্ব স্কোয়াড পৌঁছে সেগুলি নিষ্ক্রিয় করে। ভরতপুর থানার এক আধিকারিক বলেন, মাটি চাপা দেওয়া বোমার কথা সূত্র মারফত জানতে পেরেই তল্লাশি শুরু হয়েছিল। তবে এঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
স্থানীয়রা জানান, গত দু’বছরে ওই জায়গায় আরো দু’বার বোমা উদ্ধার হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, বিধানসভা নির্বাচনের দু’মাস আগেও একবার ওখান থেকে বোমা উদ্ধার হয়েছিল। তারও প্রায় দেড়বছর আগে একবার বোমা উদ্ধার হয়। ময়ূরাক্ষীর অবৈধ বালিঘাটের দখল নিয়ে বহু বছর ধরে দু’পক্ষের মধ্যে ঝামেলা চলছে। নয়ের দশকে প্রত্যেক সন্ধ্যায় গ্রামে বোমাবাজি হত। বালিঘাটের দখল নিয়ে দু’পক্ষের অন্তত আটজন খুন হয়েছেন। খুনের ঘটনায় এখনও কয়েকজন জেলে রয়েছে। তবে গত কয়েকবছরে বোমাবাজি হলেও খুনের ঘটনা ঘটেনি।যেখানে বোমা উদ্ধার হয়েছে, ওই কবরস্থানে সচরাচর কেউ যাতায়াত করে না। শুধুমাত্র কয়েকজন গবাদি পশু চরাতে গিয়ে থাকে। গ্রামের মাঠের দিকে ওই এলাকা ঘন আগাছা ও গাছপালায় ভর্তি। এলাকার এক বাসিন্দা বলেন, সন্ধ্যার পর ওই জায়গা দুষ্কৃতীদের দখলে যায়। এমন জায়গায় বোমা মজুত করাও বেশ সহজ। ঝামেলা বাধলে এখান থেকে তাড়াতাড়ি বোমা বের করেও নিতে পারে। ঘটনাস্থলে পুলিশ। নিজস্ব চিত্র