Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬

সংঘ পরিবারের অন্দরে বার্তা দিন ভাগবত, সরব বিরোধীরা

জেনজি আন্দোলনকে আরএসএস প্রধানের সমর্থন দেওয়া নিয়ে রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে। মোহন ভাগবত বৃহস্পতিবার মুম্বইয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জেনজি ছাত্রসমাজের সঙ্গে মিলিত হন।

সংঘ পরিবারের অন্দরে বার্তা দিন ভাগবত, সরব বিরোধীরা
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জেনজি আন্দোলনকে আরএসএস প্রধানের সমর্থন দেওয়া নিয়ে রাজনৈতিক আলোড়ন শুরু হয়েছে। মোহন ভাগবত বৃহস্পতিবার মুম্বইয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা জেনজি ছাত্রসমাজের সঙ্গে মিলিত হন। দীর্ঘক্ষণ তাদের সঙ্গে আলোচনা করেন। সেখানেই জানিয়ে দেন যে, তিনি জেনজি আন্দোলনকে সমর্থন করেন। তাদের ক্রোধ সঠিক। আন্দোলন করছে বলেই কেউ দেশদ্রোহী হয় না। জেনজিও দেশদ্রোহী নয়। কিন্তু এই অবস্থানের পাশাপাশি মোহন ভাগবত বলেন, জেনজিদের উপেক্ষা করা কোনও নেতারই উচিত নয়। একজন প্রকৃত নেতা তিনিই, যিনি নিছক নিজের  ফলোয়ার অর্থাৎ অনুগামী বাড়ানোর লক্ষ্য নিয়েই কাজ করেন না। প্রকৃত নেতা অন্য নেতা তৈরি করেন। মোহন ভাগবত এই মন্তব্য কেন করলেন? কার উদ্দেশ্যে করলেন? এই জল্পনা তৈরি হয়েছে। গুঞ্জন বৃদ্ধির কারণ, এই মন্তব্যকে দীর্ঘমেয়াদী এক পরামর্শ হিসেবে তকমা দিয়েছে বিজেপির একাংশ। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য তাঁর সোশ্যাল মিডিয়ায় মোহন ভাগবতের জেনজির সঙ্গে আলোচনার পূর্ণাঙ্গ বক্তব্যকে তুলে ধরেছেন। এবং সেই পোস্টে তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন এই নেতৃত্ব নিয়ে মোহন ভাগবতের অবস্থান ও বক্তব্যের সারমর্ম। তিনি বলেন, সরসংঘচালকের সবথেকে দীর্ঘমেয়াদি পরামর্শ এটাই। এদিকে বিজেপি ও সংঘ পরিবার যেখানে লাগাতার জেনজি আন্দোলনকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, সেখানে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিলেন কেন মোহন ভাগবত। এমনকি তিনি দিল্লি পুলিশের দমন পীড়ন প্রসঙ্গে পর্যন্ত বলেছেন, যাই ঘটে থাকুক, আমি জেনজির পক্ষে। বিরোধী দল অবশ্য সবটাই চিত্রনাট্য আখ্যা দিয়েছে। উদ্ধব থ্যাকারের শিবসেনার এমপি অরবিন্দ সাওয়ান্ত শুক্রবার সংসদ ভবনে বলেছেন, মোহন ভাগবত এসব কথা সংঘ পরিবারের মধ্যে কেন বলছেন না? তাঁর ঘনিষ্ঠ বৃত্তে তিনি এই মনোভাব জানালে ভালো হয়। কারণ তারা তো আন্দোলনকারীদের টার্গেট করছে এখনও। কংগ্রেস এমপি তারিক আনোয়ার বলেছেন, একদিকে বিজেপির একাংশ জেনজি আন্দোলনকে দেশদ্রোহী বলছে। আর অন্যদিকে মোহন ভাগবত জেনজিকে সমর্থন করছেন। এসব নাটক জেনজি এবং দেশবাসী খুব ভালো করেই বুঝতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ