Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজ্ঞান দিবসে পড়ুয়াদের বোঝানো হল বার্নোলির বায়ুচাপের সূত্র

জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে স্কুলপড়ুয়াদের জন্য বিশেষ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম

বিজ্ঞান দিবসে পড়ুয়াদের বোঝানো হল বার্নোলির বায়ুচাপের সূত্র
  • ১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে স্কুলপড়ুয়াদের জন্য বিশেষ বিজ্ঞান প্রদর্শনীর ব্যবস্থা করল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম (বিআইটিএম)। শনিবার সেখানে নানা ধরনের অনুষ্ঠান হয়। তবে স্কুলপড়ুয়াদের বিশেষ আকর্ষণ ছিল, নতুন বিজ্ঞান শো ‘এয়ার ইন অ্যাকশন’। ম্যাজিকের মতো করে দেখিয়ে ‘বায়ুর চাপ’ সংক্রান্ত বিজ্ঞানের তত্ত্ব বোঝানো হল তাদের। বিআইটিএমের আধিকারিক তরুণ দাস একেবারে হাতেকলমে দেখালেন কঠিন সব বিজ্ঞানের সূত্র। গতিবেগ বেশি হলে চাপ কম হয়, এই সূত্র তিনি দেখাতে ব্যবহার করলেন বেলুন, বল। আবার হাওয়ার চাপে ছোট্ট বল বাতাসে ভাসতে শুরু করল। এভাবেই বার্নোলির সূত্র বুঝিয়ে দেওয়া হয়। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সিএসআইআর-জিজ্ঞাসা। বিআইটিএমের ডিরেক্টর অর্ণব চট্টোপাধ্যায় বলেন, এবার বিজ্ঞান দিবসের অনুষ্ঠানে সিএসআইআর-জিজ্ঞাসা যুক্ত হওয়ায় সকলকে আমরা অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী করতে পেরেছি। আমাদের উদ্দেশ্য সকলের মধ্যে বিজ্ঞান নিয়ে কৌতুহল বাড়িয়ে তোলা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিএসআইর-সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর বিক্রমজিত্ বসু। এদিনই আকাশে বুধ, শুক্র, বৃহস্পতি ও শনি এক রেখায় চলে আসে। সন্ধ্যায় টেলিস্কোপের মাধ্যমে সেই দৃশ্য দেখার ব্যবস্থাও করা হয়েছিল বিআইটিএমে, যা ২০৪০ সালের আগে ফের দেখা যাওয়ার সম্ভাবনা কম।

Advertisement
সম্পর্কিত সংবাদ