জয় দিয়ে শুরু বেঙ্গালুরুর, গোয়াকে রুখে দিল চেন্নাই
  • ১১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উদ্বোধনেই জমজমাট আইএসএল। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে দিল্লি স্পোর্টিংকে ৩-২ গোলে বশ মানাল বেঙ্গালুরু এফসি। ৮৮ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ২-২। এরপর ডিফেন্ডার মেনো কোসের গোলে ৩ পয়েন্ট ছিনিয়ে নেয় গার্ডেন সিটির দল। টানটান প্রথমার্ধের ২২ মিনিটে বেঙ্গালুরুকে লিড এনে দিয়েছিলেন বোরহা। বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান তিনি। উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। চার মিনিট পরেই ১-১। গুরপ্রীতকে কাটিয়ে দিল্লিকে সমতায় ফেরান রড্রিগুইনহো। ৩২ মিনিটে কোসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় দিল্লি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৫ মিনিটে ফের জ্বলে ওঠেন বোরহা। প্রথম ম্যাচেই নজর টানলেন বেঙ্গালুরুর এই স্ট্রাইকার। 

Advertisement

এদিকে, আইএসএলের প্রথম হোম ম্যাচে পয়েন্ট খোয়ালো এফসি গোয়া। শনিবার ফাতোরদা স্টেডিয়ামে চেন্নাইয়ান এফসি’র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করলেন সন্দেশ ঝিংগানরা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ইরফানের গোলে লিড নেয় দক্ষিণের ফ্র্যাঞ্চাইজি দলটি। তবে পিছিয়ে পড়ার ১২ মিনিটের মধ্যেই সমতায় ফেরে গোয়া। স্কোরশিটে নাম তোলেন চেরকি। ম্যাচের শেষলগ্নে ফের লিড নেওয়ার সুযোগ এসেছিল চেন্নাইয়ানের সামনে। তবে রামন তাঙ্কির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় ক্লিফোর্ড মিরান্ডার দলকে।