নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। একাধিক ফ্র্যাঞ্জাইজি দল গড়তে দ্বিধায়। এরইমধ্যে বিবৃতি দিয়ে সিনিয়র দলের কোচ, ফুটবলারদের বেতন বন্ধ করে দিল বেঙ্গালুরু এফসি। সবমিলিয়ে চরম ডামাডোল ভারতীয় ফুটবলে। বেঙ্গালুরুর বিবৃতিতে বলা হয়েছে তাঁরা বেতন বন্ধের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে সিনিয়র দলের জন্য টাকা ঢালতে নারাজ ম্যানেজমেন্ট। দেশের এক নম্বর টুর্নামেন্ট না হলে দল তুলে নিতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। বেঙ্গালুরুর পদক্ষেপ রীতিমতো অশণি সঙ্কেত। আসলে আইএসএলের আয়োজক এফএসডিএল। কিন্তু সর্বভারতীয় ফুটবল সংস্থা মাস্টার রাইটস সই না করায় তারা নতুন করে লগ্নিতে নারাজ। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুটবল। অবস্থান স্পষ্ট করতে ফেডারেশনের সঙ্গে বৈঠক চেয়ে ই-মেল করেছিলেন একাধিক ফ্র্যাঞ্চাইজি কর্তারা। ঠিক হয়েছে, আগামী ৭ আগস্ট জোটের সঙ্গে আলোচনায় বসবেন ফেডারেশন সভাপতি। তবে এই জোটে নেই কলকাতার তিন প্রধান।



