রায়পুর, ১০মে: মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জিততে বেঙ্গালুরুর শেষ ওভারে বাকি ছিল ১৫ রান। ১৯ তম ওভারে বুমরা মাত্র তিন রান দিয়ে আশা জাগিয়েছিলেন মুম্বাই সমর্থকদের মনে। কিন্তু একেবারেই অনভিজ্ঞ রাজ বাওয়াকে কুড়িতম ওভার করার জন্য বল তুলে দেন মুম্বাই অধিনায়ক সূর্যকুমার যাদব। আর এই সিদ্ধান্তই বোধ হয় কাল হল মুম্বইয়ের জন্য। শেষ ওভারের চাপ নিতে ব্যর্থ হলেন রাজ। দিলেন চারটি অতিরিক্ত রান। তার সঙ্গে চারটি অতিরিক্ত বল। শেষ পর্যন্ত ২ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে মুম্বাই ১৬৭ রানের টার্গেট দেয় বেঙ্গালুরুকে। মুম্বাইয়ের হয়ে তিলক বর্মা করেন ৫৭ রান। ৪৭ রানে আউট হন নামান ধির। ১০ বলে বাইশ রান করে আউট হন রোহিত শর্মা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারে শূন্য রানে আউট হয়ে যান বিরাট কোহলি। পাওয়ার প্লেতে ৩৯ রানে তিন উইকেট পড়ে যায় বেঙ্গালুরুর। প্রথমে বেথেলকে সঙ্গে নিয়ে এবং পরে জিতেশ শর্মার সঙ্গে জুটি বেঁধে বেঙ্গালুরু ইনিংস এগিয়ে নিয়ে যান ক্রুণাল পান্ডিয়া। বেথেল আউট হন ২৭ রান করে। জিতেশের সংগ্রহ ১৮। ক্রুণাল শেষ পর্যন্ত আউট হন ৭৩ রান করে। তখন বেঙ্গালুর জয়ের জন্য দরকার আর ১৮ রান। শেষ পর্যন্ত অষ্টম উইকেট জুটিতে রসিখ সালাম এবং ভুবনেশ্বর কুমার বেঙ্গালুরুকে পৌঁছে দেন কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্যে।



