Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পড়শি রাজ্যগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই শিল্পনীতি বঙ্গে, আশ্বাস স্বপন দাশগুপ্তের

রাজ্য সরকার শিল্প বিনিয়োগ আনতে নতুন নীতি ঘোষণা করেছে। প্রতিবেশী রাজ্যের সুবিধার সঙ্গে সামঞ্জস্য রেখে শিল্পায়নের উদ্যোগ। বিস্তারিত পড়ুন।

পড়শি রাজ্যগুলির সঙ্গে সামঞ্জস্য রেখেই  শিল্পনীতি বঙ্গে, আশ্বাস স্বপন দাশগুপ্তের
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিনিয়োগ আনতে শিল্প সংস্থাকে আর্থিক সহায়তা বা ইনসেন্টিভ দেবে রাজ্য সরকার। এই ঘোষণা আগেই করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বুধবার জানালেন, প্রতিবেশী রাজ্যগুলি শিল্প সংক্রান্ত যেসব সুবিধা ঘোষণা করেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন নীতি আসবে বাংলায়। একই সঙ্গে স্বপনবাবু বুঝিয়েছেন, কোনো নির্দিষ্ট সেক্টর যা শিল্পক্ষেত্র যদি সমস্যায় পড়ে, তাহলে তাদের বাড়তি সুবিধা দিতেও পিছপা হবেন না তাঁরা।

Advertisement

এদিন বণিকসভা অ্যাসোচেমের অনুষ্ঠানে স্বপন দাশগুপ্ত বলেন, দীর্ঘদিন ধরে এরাজ্য শিল্পহীন ছিল। এখানে ইচ্ছাকৃতভাবে সরকারি তহবিলের নয়ছয় করা হয়েছে। এর ফলে রাজ্য ঋণভারে জর্জরিত হয়েছে। এখানে শিল্পবিরোধী বাতাবরণ তৈরি করে রাখা হয়েছে। এই খরা কাটাতেই বাংলাকে বাড়তি কিছু দেওয়া উচিত, যার হাত ধরে এগিয়ে যেতে পারে শিল্পায়ন, দাবি করেছেন অর্থমন্ত্রী। এই প্রসঙ্গে প্রতিবেশী রাজ্যের উদাহরণ টেনে তিনি বলেন, আমরা এমন কিছু করব না, যাতে অসমের মতো রাজ্য অসম সুবিধা পেয়ে যায় লগ্নি টানায়। ওড়িশাকেও কোনো বাড়তি সুযোগ দেওয়া হবে না। 
এদিন অর্থমন্ত্রী বলেন, আমরা শিল্পবান্ধব। সেই কারণেই শুধুমাত্র নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সব শিল্পকে দেখব না। কোনো নির্দিষ্ট শিল্পক্ষেত্রের কোনো বিশেষ ও ন্যায্য চাহিদা থাকলে, শুধু তাদের জন্যই নিয়মে বদল আনব। উদাহরণ দিয়ে তিনি বলেন, এরাজ্যে হোমিয়োপ্যাথি ওষুধ তৈরির ব্যবসা ছোটো হলেও তার সঙ্গে ২৫ থেকে ৩০ হাজার মানুষের রুটিরুজি জড়িত। অ্যালকোহলের শুল্ক বৃদ্ধির কারণে তাদের ব্যবসা প্রায় বন্ধ হতে বসেছিল। আমার কাছে সমস্যার কথা জানানোয়, আমি তাদের জন্য বাজেটে সুযোগ করে দিয়েছি। কেউ যদি বলেন, আমরা তাদের বাড়তি সুবিধা দিলাম। হ্যাঁ, দিয়েছি। তার কারণ, আমরা একটা শিল্পক্ষেত্রকে বাঁচাতে তা দিয়েছি। ভবিষ্যতে যদি কেউ এসে এমন কোনো দাবি করেন এবং সেই দাবি যদি ন্যায্য হয়, তাহলে সেক্ষেত্রেও সুযোগ দেওয়া হবে।    

Advertisement
সম্পর্কিত সংবাদ