নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাঙালির জয়জয়কার। ইনসুলিন রেজিস্ট্যান্স, বিপাকক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক মানের গবেষণা করে তালিকায় স্থান করে নিয়েছেন পিজি হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রাক্তন প্রধান তথা ডায়াবেটিসের বিখ্যাত চিকিৎসক ডাঃ সতীনাথ মুখোপাধ্যায়। অন্যদিকে, ইন্টারনেট অব থিংস, এজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রভৃতি বিষয়ে গবেষণা করে এই তালিকায় জায়গা পেয়েছেন সিকিম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ডঃ পার্থপ্রতিম রায়। একক বর্ষের মূল্যায়নে তিনি দেশের বিজ্ঞানীমহলে নবম স্থান অধিকার করেছেন। অন্যদিকে, এনিয়ে পঞ্চমবার শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় থাকলেন সতীনাথবাবু। সম্প্রতি স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটি ও পৃথিবীখ্যাত বিজ্ঞান গবেষণা পত্রিকা গোষ্ঠী এলসিভিআর যৌথভাবে এই তালিকা প্রকাশ করে। সেখানে এঁরা ছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়্গপুরসহ একাধিক আইআইটি, বেঙ্গালুরুর আইআইএসসির মতো বিভিন্ন শীর্ষ প্রতিষ্ঠানের অসংখ্য বাঙালি সম্মানের সঙ্গে জায়গা করে নিয়েছেন। সূত্রের খবর, ডাঃ মুখোপাধ্যায় ২ দশকেরও বেশি সময় ধরে ইনসুলিন রেজিস্ট্যান্স, পলিএন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (পিএমওএএস) ইত্যাদি বিষয়ে উল্লেখযোগ্য গবেষণা করেছেন। স্থূলতা ও ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক, পিএমওএস ও মেয়েদের অল্প বয়সে হার্ট অ্যাটাক সম্পর্কে তাঁর কাজ আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পেয়েছে।



