Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দুবাইয়ে হাসপাতালের পথেও বিস্ফোরণ! যুদ্ধ পরিস্থিতিতে জন্ম বঙ্গকন্যার, কলকাতায় উদ্বেগ অবসরপ্রাপ্ত আইজির পরিবারে

অন্ধকার আকাশ। সকালের আলো ফোটেনি তখনো। ঘড়ির কাঁটায় ভোর ৪টে। হঠাৎ, প্রসব যন্ত্রণা শুরু। দুবাইয়ের শেখ জায়েদ রোডের ফ্ল্যাটে ৬ তলার উপর পার্কিং।

দুবাইয়ে হাসপাতালের পথেও বিস্ফোরণ! যুদ্ধ পরিস্থিতিতে জন্ম বঙ্গকন্যার, কলকাতায় উদ্বেগ অবসরপ্রাপ্ত আইজির পরিবারে
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অন্ধকার আকাশ। সকালের আলো ফোটেনি তখনো। ঘড়ির কাঁটায় ভোর ৪টে। হঠাৎ, প্রসব যন্ত্রণা শুরু। দুবাইয়ের শেখ জায়েদ রোডের ফ্ল্যাটে ৬ তলার উপর পার্কিং। স্ত্রী ঝিলমকে চাপিয়ে স্বামী অভিজ্ঞানের হাত যখন স্ট্রিয়ারিংয়ে, তখন আকাশে আলোর ঝলকানি! কানে ভেসে এল পরপর বিস্ফোরণের শব্দ! তবুও হাত টলেনি স্বামীর। গাড়ি চালিয়ে সোজা হাসপাতাল। যুদ্ধপরিস্থিতিতেই দুবাইয়ের আল জাহরা হাসপাতালে জন্ম হল বঙ্গকন্যার। উজ্জ্বল ও সুন্দরের সাক্ষী রাখতে সদ্যোজাত শিশুর নাম রাখা হয়েছে অনিশা। মা-মেয়ে দুজনেই সুরক্ষিত রয়েছেন। মার্কিন-ইজরায়েলের হামলার জবাবে দুবাইসহ সংযুক্ত আরব আমিরশাহির একাধিক জায়গায় প্রত্যাঘাত চালিয়েছে ইরান। মিসাইল-ড্রোন হামলার ভয় সর্বত্র। তাই ঝিলমের কলকাতার বাড়িতে গভীর উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা।

Advertisement

ঝিলমের পুরো নাম ঝিলম রায়চৌধুরী। বাড়ি কলকাতাতেই। তিনি অত্যন্ত মেধাবী ছাত্রী। যাদবপুর বিশ্ববিদ্যাল থেকে এম টেকে ফাস্ট ক্লাস ফার্স্ট। পেশায় ইঞ্জিনিয়ার। দুবাইয়ে বছর ছয়েক কর্মরত। তাঁর বাবা রাজ্য পুলিশের প্রেসিডেন্সি বিভাগের অবসরপ্রাপ্ত আইজি তন্ময় রায়চৌধুরী। ঝিলমের স্বামী অভিজ্ঞান চট্টোপাধ্যায়ও পেশায় ইঞ্জিনিয়ার। তিনিও দুবাইয়ে কর্মরত। দুবাইয়ের শেখ জায়েদ রোডে স্বামী-স্ত্রী থাকেন। যুদ্ধপরিস্থিতি শুরু হওয়া থেকেই কলকাতায় আইজির পরিবারে উদ্বেগ চলছিল। বৃহস্পতিবার ভোরে তাঁরা যখন শুনলেন, মেয়ের প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, তখন উদ্বেগ আরো বেড়ে যায়। হবে নাই-বা কেন? বাড়ি থেকে হাসপাতালে ভরতি হতে যাওয়ার সময়ও বিস্ফোরণের শব্দ! 
দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ইরানের হামলার পরই আতঙ্কে রয়েছেন অনেকেই। তারপরও সামনে এসেছে একাধিক হামলার খবর। দুবাইসহ সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবি, কুয়েত, কাতার, বাহরিনেও হামলা হয়েছে। একাধিক জায়গায় দেখা যাচ্ছে আলোর ঝলকানি। মাঝেমধ্যেই ভেসে আসছে বিস্ফোরণের শব্দও। এদিন অবসরপ্রাপ্ত আইজি তন্ময় রায়চৌধুরী বলেন, ‘বর্তমান পরিস্থিতির জেরে আমরা কলকাতায় উদ্বেগের মধ্যেই রয়েছি। হাসপাতালে যাওয়ার সময়ও ওরা বিস্ফোরণের শব্দ শুনেছে! তবে, মেয়ে-জামাই ফোনে জানিয়েছে, ওরা সবাই নিরাপদেই আছে। ওখানকার সরকার সবরকম সহযোগিতা করছে ওদের। সমস্ত পরিষেবাও বহাল। তাই দুবাইয়ে থাকলেও ওরা উদ্বেগে নেই। আমরা উদ্বেগে থাকলেও ওরা নিরাপদে আছে, এটাই শান্তি’।

Advertisement
সম্পর্কিত সংবাদ