Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেঙ্গল এসটিএফের পুরী অভিযান, ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল

পালিয়েও শেষরক্ষা হল না। পুরীতে বেঙ্গল এসটিএফের হাতে পাকড়াও হলেন বিষ্ণপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডল। মোবাইল টওয়ার লোকেশন এবং অনলাইন পেমেন্টের সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

বেঙ্গল এসটিএফের পুরী অভিযান, ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পালিয়েও শেষরক্ষা হল না। পুরীতে বেঙ্গল এসটিএফের হাতে পাকড়াও হলেন বিষ্ণপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক দিলীপ মণ্ডল। মোবাইল টওয়ার লোকেশন এবং অনলাইন পেমেন্টের সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়। লুকিয়ে ছিলেন পুরীর একাটি হোটেলে। বেঙ্গল এসটিএফ সেখানে অভিযান চালায়। দিলীপকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে। বিষ্ণুপুর থানার এক মামলায় আজ বৃহস্পতিবার তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। 

Advertisement

১১ মে নিজের নির্বাচনি এলাকায় বিজয় মিছিল করেন দিলীপ। সেখানে তাঁর একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে ওই বিধায়ককে বলতে শোনা যায়, ১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছেন। পরিস্থিতি শান্তিপূর্ণ রেখেছেন। কিন্তু তা আর চলবে না। এমনকি বিজেপি কর্মীদের উদ্দেশে হুমকির সুরে বলেন, ‘তোদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করিস, দিলীপ মণ্ডল কে?’ 
তারপরই তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় কেস হয়। সেই মামলার তদন্তে ১৪ মে পৈলানে তাঁর প্রাসাদোপম বাড়িতে হানা দেন তদন্তকারীরা। আঁচ পেয়ে জানালা টপকে পালিয়ে যান বিধায়ক। ছেঁড়া পাজামা পরে রাস্তায় ওঠেন। স্থানীয় একজনের জুতো পায়ে গলিয়ে গা ঢাকা দেন তিনি। তারপর থেকেই বেপাত্তা ছিলেন দিলীপ। 
তদন্তকারীদের কাছে খবর ছিল, দিলীপ মন্দিরবাজার থানা এলাকায় এক অনুগামীর বাড়িতে রয়েছেন। পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান। এরপর সরিষা, কাকদ্বীপসহ বিভিন্ন এলাকায় গা ঢাকা দেন। পুলিশকে রীতিমতো বোকা বানিয়ে ডেরা পালটাচ্ছিলেন তিনি। এমনকি ফেসবুক লাইভও করছিলেন। সেই সূত্রে ওই জায়গায় পৌঁছেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। 
এর মাঝে তাঁর ছেলে গ্রেপ্তার হন ডায়মন্ডহারবারে। তাঁকে জেরা করেই দিলীপের নতুন মোবাইল নম্বর মেলে। ওই সূত্রেই পুলিশ পায় দিলীপের পুরীর ঠিকানা। অনলাইন লেনদেন থেকে এও জানা যায় যে, সেই পেমেন্ট হয়েছে পুরীর মেরিন ড্রাইভ এলাকার একটি রিসর্ট থেকে। 
তারপরই এসটিএফ টিম মঙ্গলবার পুরীর রিসর্টে হানা দেয়। রেজিস্টার এবং সিসি ক্যামেরা ফুটেজ থেকে তদন্তকারীরা নিশ্চিত হন যে, বিধায়ক সেখানেই রয়েছেন! একটি বিলাসবহুল ঘর থেকে তাঁকে ধরা হয়। ওই রিসর্টে তিনি আগেও থেকেছেন। তদন্তকারীদের জেরায় দিলীপ জানিয়েছেন, এক পরিচিত ব্যক্তির গাড়িতে চেপে পুরী পৌঁছেছেন। ‘নিরাপদ’ আশ্রয় নিয়েছেন এই চেনা জায়গায়। পুরী এসেও থাকছিলেন হোটেল পালটে পালটে।

Advertisement
সম্পর্কিত সংবাদ