Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাল্য বিবাহ ও নাবালিকা প্রসূতির হিসাবে এক নম্বরে বাংলা, রুখতে কড়া রাজ্য সরকার

দেশের মধ্যে বাল্যবিবাহ এবং ১৮ বছরের আগে সন্তান প্রসবের ক্ষেত্রে এক নম্বরে পশ্চিমবঙ্গ। আজ নবান্নে এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বাল্যবিবাহ এবং ১৮ বছরের আগে সন্তান প্রসব বন্ধের ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার।

বাল্য বিবাহ ও নাবালিকা প্রসূতির হিসাবে এক নম্বরে বাংলা, রুখতে কড়া রাজ্য সরকার
  • ৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৪
Prefer us on Google

কলকাতা, ৭ সেপ্টেম্বর: দেশের মধ্যে বাল্যবিবাহ এবং ১৮ বছরের আগে সন্তান প্রসবের ক্ষেত্রে এক নম্বরে পশ্চিমবঙ্গ। আজ নবান্নে এই কথা জানিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বাল্যবিবাহ এবং ১৮ বছরের আগে সন্তান প্রসব বন্ধের ক্ষেত্রে কড়া সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন হিসাব দিয়ে বলেন, চলতি বছরে প্রথম ছয় মাসে রাজ্যে নাবালিকা মায়ের সংখ্যা অন্তত ৬০ হাজার। মুর্শিদাবাদ জেলায় ১৮ বছরের কম বয়সী প্রসূতির সংখ্যা বছরের প্রথম ৬ মাসে  ১২৮৪৭। যার মধ্যে জেলার গ্রামীণ অংশে হয়েছে ১২৫৮৫ নবজাতক প্রসব। অন্যদিকে শহরাঞ্চলে সংখ্যাটা ২৬২। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই জেলায় ১০ থেকে ১৩ বছর বয়সী নাবালিকা মায়ের সংখ্যা ২০। ১৩ থেকে ১৫ বছরের মধ্যে ৮১৭ জন। ১৫ থেকে ১৮ বছরের মধ্যে ৬৫২৭ জন। আর আঠারো বছর বয়সী প্রসূতি রয়েছে ৫৪৮২ জন। নাবালিকা প্রসূতির ক্ষেত্রে দু নম্বরে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় নাবালিকা প্রসূতির সংখ্যা ৪ হাজার ১৭৮। 

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী জানান, নাবালিকা প্রসূতিদের স্বামীদের কাছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে শোকজ নোটিস পাঠানো হবে। এক মাসের মধ্যে তাদের প্রমাণ করতে হবে তার স্ত্রী নাবালিকা নয়। অন্যথায় তাদের বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এইসব পরিবারের সব রকমের সরকারি ভাতা বন্ধ করে দেওয়া হবে বলেও জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন ৬ মাসে রাজ্যজুড়ে নাবালিকা মায়ের সংখ্যা পৌঁছেছে অন্তত ৬০ হাজারে। 
অন্যদিকে নাবালিকা বিবাহের ক্ষেত্রে বিয়েতে সহায়তাকারীর পুরোহিত, কাজী, বাবা-মা, অভিভাবক সকলের ক্ষেত্রেই দু'বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা হতে পারে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন ১৮ বছরের কম বয়সী মেয়ে তার বাল্যবিবাহ সংঘটিত হলেও সে পকসো আইনের আওতাতেই থাকবে। আর তাই ১৮ বছরের কম বয়সী কোন মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক তৈরি করলে পকসো আইন অনুযায়ী তাকে সেক্সচুয়াল অ্যাসল্ট হিসেবে ধরা হবে। এক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের সাজা পেতে হবে যে নাবালিকাকে বিয়ে করবে। মেয়েটির বয়স যদি ১৬ বছরের নিচে হয় সেক্ষেত্রে সাজা যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। আর গর্ভধারণের ক্ষেত্রে কুড়ি বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। রাজ্যে বাল্য বিবাহ ও নাবালিকা প্রসূতির এই বাড়বাড়ন্তের জন্য পূর্বতন রাজ্য সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী।  

Advertisement
সম্পর্কিত সংবাদ