Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সংস্কার চলাকালীন মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ি

সংস্কার চলাকালীন মুক্তারামবাবু স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ি
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে ভেঙে পড়ল পুরনো, বিপজ্জনক বাড়ি। বাঘাযতীনে হেলে পড়া বাড়ি ভেঙে পড়া বা ট্যাংরায় বাড়ি হেলে যাওয়ার ঘটনা সামনে এসেছিল। সে ঘটনার কিছুদিনের মধ্যে শহরে ফের ভেঙে পড়ল বাড়ি। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে। বাড়িটি সংস্কারের কাজ চলছিল। সে সময় সামনের অংশের দেওয়াল এবং পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কর্মরত এক শ্রমিক আহত হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর নাম সাহেব মোল্লা। ঘটনাস্থলে যায় পুলিসের বিপর্যয় মোকাবিলা দল, কলকাতা পুরসভার ডেমোলিশন টিম ও দমকল।

Advertisement

১১৯ এ মুক্তারামবাবু স্ট্রিট ঠিকানার এই পুরনো, বিপজ্জনক বাড়িটি সংস্কারের কাজ চলছিল বেশ কয়েকদিন ধরে। এদিন আচমকা সেটির একাংশ ভেঙে পড়ে। ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাজেশ সিনহা ঘটনাস্থলে যান। আহত শ্রমিককে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। ঘিঞ্জি গলিতে বাড়ি ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির সামনের রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় গিরিশ পার্ক থানা। জায়গাটি জনবহুল। মানুষের যাতায়াত লেগেই থাকে। তবে রবিবার, ছুটির দিন দুপুরবেলা লোকজন তেমন ছিল না। ফলে বড়সড় বিপদ হয়নি। রাজেশ সিনহা বলেন, ‘বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। সংস্কারের কাজ অনেকটাই এগিয়েছে। মূল বাড়িটির ভিতরের দিকে সংস্কার হয়েছে। বাইরের দিকে কাজ চলছিল। লোহার বিম দিয়ে ঠেকনা দেওয়া ছিল। পুরসভার নিয়ম মেনে সবুজ কাপড়ে মুড়ে কাজ চলছিল। বাইরের দিকের দেওয়াল কোনওভাবে ভেঙে গিয়ে এই পরিস্থিতি হয়েছে।’

সম্পর্কিত সংবাদ