Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

জাতীয় সড়ক তৈরিতে গোটা দেশের গড়কে পিছনে ফেলে এগিয়ে বাংলা

বাংলায় জাতীয় সড়ক নির্মাণের হার জাতীয় গড়ের চেয়ে বেশি। কেন্দ্রের একটি সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য উঠে এল।

জাতীয় সড়ক তৈরিতে গোটা দেশের গড়কে পিছনে ফেলে এগিয়ে বাংলা
  • ১০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় জাতীয় সড়ক নির্মাণের হার জাতীয় গড়ের চেয়ে বেশি। কেন্দ্রের একটি সাম্প্রতিক রিপোর্টে এমনই তথ্য উঠে এল। সেখানে দেখা যাচ্ছে, ২০১৬ সালের পর থেকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের জন্য ৩৮৫ কিলোমিটার জাতীয় সড়ক তৈরির অনুমোদন দিয়েছে কেন্দ্র। এর মধ্যে ৩২০ কিলোমিটার রাস্তা তৈরির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে, যা মোট কাজের প্রায় ৮৫ শতাংশ। সেই জায়গায় জাতীয় স্তরে গড়ে ৭২.৬৬ শতাংশ কাজ শেষ হয়েছে। সবচেয়ে বেশি রাস্তা নির্মাণের অনুমোদন পেয়েছিল অন্ধ্রপ্রদেশ। সেই রাজ্যে এই হার মাত্র ৫০ শতাংশ। ‘ডাবল ইঞ্জিন’ উত্তরপ্রদেশে অনুমোদনের ৭৫ শতাংশ রাস্তার কাজ হয়েছে।  

Advertisement

রাজ্যে জাতীয় সড়কের কাজের অগ্রগতির পাশাপাশি সারা দেশে এক্ষেত্রে কী হাল, তা জানতে চেয়ে সংসদে প্রশ্ন করেছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। সেই প্রশ্নের উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশজুড়ে ২০১৬ সালের পর থেকে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৬ হাজার ৪২৫ কিলোমিটার জাতীয় সড়ক তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে ১৯ হাজার ২০১ কিলোমিটারের। সেই সঙ্গে রাজ্যওয়াড়ি কাজের খতিয়ানও তুলে ধরা হয়েছে কেন্দ্রের ওই রিপোর্টে। সেখানে দেখা যাচ্ছে, বেশি রাস্তা তৈরির অনুমোদন পাওয়া রাজ্যগুলির মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ ও তেলেঙ্গানা। একমাত্র গোয়ায় ১০০ শতাংশ কাজ শেষ হয়েছে। ওই রাজ্যে মাত্র ২৬ কিলোমিটার রাস্তার অনুমোদন ছিল। পুরোটাই সম্পূর্ণ হয়েছে। কল্যাণবাবু বলেন, ‘আমার আশা, ৮৫ শতাংশ দ্রুত ১০০ শতাংশ হবে। সেই লক্ষ্যেই কাজ হওয়া প্রয়োজন।’
ছোট-বড় মিলিয়ে পশ্চিমবঙ্গের ৩৬টি প্রকল্পের তথ্য তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। এর মধ্যে রয়েছে ৩২ নম্বর জাতীয় সড়কের পুরুলিয়া বাইপাস অংশকে চার লেন 
করার কাজ। এই প্রকল্পের ১০.৩২ কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে ৮.৮৯ কিলোমিটার অংশের কাজ হয়ে গিয়েছে বলে জানিয়েছ কেন্দ্র। পানাগড় থেকে পালসিট পর্যন্ত ১৯ নম্বর জাতীয় সড়ক ছয় লেন করার অনুমোদন দিয়েছে কেন্দ্র। এই সড়কের মাত্র ১০ কিলোমিটার অংশের কাজ বাকি রয়েছে। এই রিপোর্ট সামনে রেখে রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের সব কাজই অগ্রাধিকারের ভিত্তিতে করা হয়। জাতীয় সড়কের কাজের জন্য এ রাজ্যে জমি কোনও ইস্যু নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ