রনজিতে দিল্লির বিরুদ্ধে বড়ো লিডে চোখ বাংলার
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজি অভিযানের শুরুতেই সরাসরি জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলল বাংলা। কল্যাণীতে দিল্লিকে প্রথম ইনিংসে ২৪০ রানে থামিয়ে দেওয়ার পর দ্বিতীয় দিনের শেষে রীতিমতো চালকের আসনে হোমটিম। সুদীপ ঘরামি এবং অভিষেক পোড়েলের অপরাজিত শতরানে ভর করে ৩ উইকেটে ৩০৪ তুলে ফেলেছে বাংলা। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে দু’জনে যোগ করেছেন ১৯৯ রান। বাংলার লিড আপাতত ৬৪। মঙ্গলবার যতটা সম্ভব তা বা঩ড়িয়ে রাখাই অভিমন্যু ঈশ্বরণ ব্রিগেডের লক্ষ্য।

Advertisement

এদিন রনজিতে দুরন্ত ধারাবাহিকতার নিদর্শন রাখলেন সুদীপ (১২২ ব্যাটিং)। সোমবার দিল্লির বিরুদ্ধে অসাধারণ শতরান উপহার দিলেন তিনি, যা রনজিতে তাঁর টানা তৃতীয় সেঞ্চুরি। উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ (২৯৯), জম্মু ও কাশ্মীরের (১৪৬) বিরুদ্ধে শতরান হাঁকিয়ে গত মরশুম শেষ করেছিলেন সুদীপ। এদিন তাঁর ২২১ বলের ইনিংস সাজানো ১৭টি বাউন্ডারিতে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা সুদীপের দশম সেঞ্চুরি। তবে কল্যাণীতে অভিষেকের শতরানের সঙ্গে জড়িয়ে থাকল অনেক বেশি আবেগ। কারণ ব্যক্তিগত জীবনে বিতর্কের জেরে ৩৬ দিন জেলে ছিলেন তিনি। জামিনে ছাড়া পাওয়ার পরই কোচ লক্ষ্মীরতন শুক্লার তত্ত্বাবধানে শুরু করেন প্র্যাকটিস। তারই সুফল মিলল এদিনের ইনিংসে। ১৬১ বলে ১১৪ রানে নট আউট তিনি। মেরেছেন ১৩টি চার ও ১টি ছক্কা। ২ রানের মাথায় তাঁর ক্যাচ পড়ার পর সঙ্কল্পবদ্ধ দেখায় বাঁ-হাতিকে।