Bartaman Logo
৯ জুন, ২০২৬

চলতি অধিবেশনেই মোদির সাক্ষাতে মরিয়া বঙ্গ বিজেপি সাংসদরা

বিগত বেশ কয়েকটি অধিবেশনে প্রধানমন্ত্রীর সাক্ষাতই পাননি বাংলার বিজেপি সাংসদরা। আলাদাভাবে কেউ কেউ দেখা করেছেন ঠিকই। কিন্তু একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়নি তাঁদের।

চলতি অধিবেশনেই মোদির সাক্ষাতে মরিয়া বঙ্গ বিজেপি সাংসদরা
  • ২৭ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিগত বেশ কয়েকটি অধিবেশনে প্রধানমন্ত্রীর সাক্ষাতই পাননি বাংলার বিজেপি সাংসদরা। আলাদাভাবে কেউ কেউ দেখা করেছেন ঠিকই। কিন্তু একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়নি তাঁদের। গত ২১ জুলাই থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। জানা যাচ্ছে, চলতি বাদল অধিবেশনের মধ্যেই নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করতে মরিয়া হয়েছে বঙ্গ বিজেপির এমপিরা। 

Advertisement

এই সপ্তাহে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা লোকসভা এবং রাজ্যসভায়। কাল, সোমবার আলোচনা শুরু হবে লোকসভায়। মঙ্গলবার রাজ্যসভায়। বিজেপি সূত্রে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর আলোচনা শেষ হলেই প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাইবেন বাংলার বিজেপি সাংসদরা। আপাতত নরেন্দ্র মোদির সঙ্গে আরও একটি প্রাতঃরাশ বৈঠকের জন্য মরিয়া হয়েছে বাংলার গেরুয়া শিবির। মনে করা হচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সদস্য শমীক ভট্টাচার্য এই ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরে আর্জি জানাতে পারেন। যদিও এই বিষয়ে বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। 
দলের অন্দরের খবর, এর আগে প্রধানমন্ত্রী যখন বাংলায় গিয়েছিলেন, তখন তাঁর সঙ্গে বঙ্গ বিজেপির কোর টিমের পক্ষে আলাদাভাবে কোনও সাংগঠনিক বৈঠক করা সম্ভব হয়নি। সংসদের চলতি বাদল অধিবেশনের মধ্যে তাই অন্তত বাংলার বিজেপি সাংসদরা একযোগে মোদির সঙ্গে সাক্ষাৎ করে ‘ভোকাল টনিক’ পেতে চাইছেন। সম্প্রতি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীকবাবু। বঙ্গ বিজেপিতে সম্ভাব্য সাংগঠনিক রদবদল নিয়ে মোদি সরকারের সেকেন্ড-ইন-কম্যান্ডের সঙ্গে তিনি প্রাথমিক আলোচনাও করেছেন বলে রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ